শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত রাজধানীর আগারগাঁওয়ে আধুনিক সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুরের সালনায় স্থানান্তরের মাস্টারপ্ল্যান নিয়ে এগোচ্ছে সরকার। বিশ্ববিদ্যালয়টির জন্য সেখানে ইতোমধ্যে জমি বরাদ্দ দেওয়া হলেও স্থানান্তরের বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
অন্যদিকে, আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণে প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০২৯ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনায় ইতোমধ্যে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রস্তাবিত স্থানে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে, প্রকল্পের ব্যয়সহ চূড়ান্ত প্রস্তাব এখনো অনুমোদনের অপেক্ষায়।
গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভা আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের নীতিগত অনুমোদন দেওয়ার পর প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির বিষয়ে বৈঠক করে মন্ত্রণালয়। সেখানে প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় ৪ হাজার ২০০ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তবে, গণপূর্তমন্ত্রী ব্যয় ৪ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনার প্রেক্ষিতে সংশোধিত ডিপিপি তৈরির কাজ চলছে।
সচিবালয় স্থানান্তর হলে রাজধানীর অন্যান্য সরকারি স্থাপনার ব্যবহারেও পরিবর্তন আসবে। পরিকল্পনা অনুযায়ী, সদরঘাট এলাকা থেকে জজ কোর্ট সরিয়ে এনে আব্দুল গণি রোডে অবস্থিত বর্তমান সচিবালয়ের ভবনগুলোতে স্থানান্তর করা হবে। এ ছাড়া, কয়েকটি কর অঞ্চল এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন অধিদফতরকে বর্তমান সচিবালয়ের ভবনগুলোতে জায়গা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। তাদের মতে, এলাকায় ক্রমবর্ধমান যানজট, গুরুত্বপূর্ণ একটি খোলামেলা জায়গা হারিয়ে যাওয়া এবং সড়ক নেটওয়ার্কের সীমাবদ্ধতা বিবেচনায় এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। বিকল্প হিসেবে তারা পূর্বাচল নিউ টাউনকে বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে, শেরেবাংলা নগরের কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ব্যবহার নিয়েও আপত্তি তুলেছে স্থাপত্য অধিদফতর। অধিদফতরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুমতি ছাড়াই জায়গাটিকে ধান গবেষণার মাঠ হিসেবে ব্যবহারের জন্য সাইনবোর্ড ও দড়ি দিয়ে দখল করেছেন। অধিদফতরের ভাষায়, এটি অনৈতিক ও শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড। কোনো প্রতিষ্ঠানই অনুমতি ছাড়া এভাবে সরকারি জমি দখল করতে পারে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকার ভূমি ব্যবহারের পরিকল্পনা বিবেচনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য বর্তমান জমি পর্যাপ্ত নয়। এ কারণে গাজীপুরের সালনায় বরাদ্দ করা জমিতে বিশ্ববিদ্যালয়টি স্থানান্তর করা এবং বর্তমান জায়গায় মূল নকশা অনুযায়ী প্রশাসনিক ও নাগরিক স্থাপনা নির্মাণ অধিকতর উপযোগী ও যৌক্তিক।
স্থাপত্য অধিদফতরের মতে, শেরেবাংলা নগরের জোনাল প্ল্যান অক্ষুণ্ণ রেখে কৃষি বিশ্ববিদ্যালয়টি স্থানান্তর করা যেতে পারে। একই সঙ্গে সচিবালয়ের জন্য নির্ধারিত জমি সংরক্ষণ করা জরুরি। অন্যথায়, প্রশাসনিক এলাকার নিরাপত্তা এবং ভূমি ব্যবহারের পরিকল্পনা অনুযায়ী নগরায়ণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সময়ের আলো/মহু