ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আন্তর্জাতিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও

2026-11-10T13:45:23+00:00
2026-11-10T13:45:49+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জাতীয়
ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ১:৪৫ পিএম
জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি : সময়ের আলো
আন্তর্জাতিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের নীতিসংলাপে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের সুপেয় পানি, খাদ্যনিরাপত্তা, আবাসন ও অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ ও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

‘লিভিং ওয়াটারস, শেয়ার্ড রাইটস: ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রু ন্যাচারাল রাইটস-লেড গভর্ন্যান্স’ শীর্ষক এ সংলাপে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো আন্তর্জাতিক ফোরামে সম্মিলিতভাবে নিজেদের দাবি ও অগ্রাধিকার তুলে ধরতে পারলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুপেয় পানির প্রাপ্যতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।

চেঞ্জ ইনিশিয়েটিভ আয়োজিত এ সংলাপে প্রাকৃতিক অধিকারভিত্তিক পানি ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদীর সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। এতে সহযোগিতা করে সুইজারল্যান্ড দূতাবাস ও ওয়াটারএইড বাংলাদেশ।


পরিবেশ প্রতিমন্ত্রী ও নেচার অ্যান্ড গভর্ন্যান্স পলিসি প্ল্যাটফর্মের (এনজিপিপি) আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশেষ করে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের জীবন-জীবিকা ক্রমেই বিপন্ন হচ্ছে। তাই নিরাপদ পানি ও খাদ্যনিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথ গুরুত্ব পাওয়া প্রয়োজন।

সংলাপে বক্তারা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ রাজনৈতিক সীমানা মেনে চলে না। তাই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে বৈজ্ঞানিক তথ্য, প্রাকৃতিক অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে কার্যকর নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেন তারা।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি বৈশ্বিক পানি সংকট, নদীর স্বাভাবিক প্রবাহের পরিবর্তন এবং জলবায়ু অর্থায়নে বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরেন।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ অবস্থায় আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় কার্যকর সহযোগিতা ও সমন্বিত নীতিগত উদ্যোগ প্রয়োজন।

চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ পানি সরবরাহ খাতে জলবায়ু অর্থায়নে প্রতি এক মার্কিন ডলার অনুদানের বিপরীতে ৭ দশমিক ৭৮ ডলার ঋণ পেয়েছে। এ পরিস্থিতিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়।

সংলাপে সংসদ সদস্য ও এনজিপিপির কোর সদস্য মনসুরা আক্তার বলেন, সাধারণ মানুষের কাছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মূলত নিরাপদ পানির সংকট, কৃষিকাজে পানির অভাব এবং বন্যার ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে প্রকাশ পায়। মানুষের পানির অধিকার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও কার্যকর নীতিগত পদক্ষেপ প্রয়োজন।

তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের পানি ব্যবস্থাপনা অধিদপ্তরের পানীয় পানি বিভাগের প্রধান ড. মুস্তাফা বার্ক দুয়গু অভিন্ন নদী অববাহিকাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের অভিযোজন ও সহনশীলতা বিভাগের প্রধান চিতেম্বো কাওয়িম্বে চুঙ্গা স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন ও অর্থায়নের কার্যকারিতা বাড়ানোর আহ্বান জানান।

ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নেপাল প্রতিনিধি ড. মনোহরা খাড়কা জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি গবেষণালব্ধ তথ্য নীতিনির্ধারণ ও বিনিয়োগ পরিকল্পনায় কাজে লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ গবেষক সেজাল প্যাটেল নদী, জলাভূমি ও ভূগর্ভস্থ পানিসম্পদ রক্ষায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর যৌথ অংশগ্রহণে টেকসই পানি ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন।

সংলাপে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশ ও চিলির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

সময়ের আলে/জোই
  বিষয়:   ঝুঁকিপূর্ণ  দেশ  ঐক্যবদ্ধ  পরিবেশ প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: