প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ছবি : সংগৃহীত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। হলের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ আশ্বাস দেন।
বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে এস এম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সংগঠনের সভাপতি জাকির আহমেদ খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি।’ এ সময় তিনি হলে অবস্থানকালের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, এস এম হলের সাবেক ছাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা গর্বিত। তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণে যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই হলের ছাত্র ছিলেন।
সাবেক ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। এ জন্য প্রতিনিধিদল তার প্রতি কৃতজ্ঞতা জানায়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে