প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম
ছবি : সংগৃহীত জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, জলবায়ু তহবিল থেকে অনুদান চায় বাংলাদেশ। কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ দাবি তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, গ্রিন ইকোনমি ও গ্রিন এনার্জি বাস্তবায়নে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং নদী খননসহ বাংলাদেশ যেসব কর্মসূচি নিয়েছে, সেগুলো সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো যেসব ক্ষতির মুখে পড়ছে, তা নিয়েও আলোচনা করবেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ক্ষয়ক্ষতি এবং এর প্রভাব মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবেন তিনি।
শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের মতো দেশগুলো দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করছে। তাই এবারের সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা করছেন সবাই।
তিনি বলেন, জলবায়ু তহবিলের অর্থায়ন নিয়ে একটি সমাধান হওয়া প্রয়োজন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, সম্মেলনে সে বিষয়ে আলোচনা হবে বলে আশা করছেন তারা।
এদিকে বুধবার চীনের উপ-রাষ্ট্রপতি ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বৈঠকের কর্মসূচি রয়েছে বলে জানান শামা ওবায়েদ।
সময়ের আলো/এসএকে