ছবি : সংগৃহীত ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ নেওয়ার বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুসকে বৈধতা দেওয়ার অপচেষ্টা হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার এমন ধারণা দুর্নীতিকে উৎসাহিত করবে। এ জন্য প্রতিমন্ত্রীর বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে টিআইবি।
বুধবার (১১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এসব দাবি জানায়। একই সঙ্গে প্রতিমন্ত্রীর বক্তব্যে উল্লেখ করা এক সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুস নয়; তা গ্রহণ করা যেতে পারে। তার এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি।
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। জনগণের অর্থে দেওয়া বেতন-ভাতার বিনিময়েই তারা এসব দায়িত্ব পালন করেন। ফলে সেই কাজের জন্য ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ থাকার প্রশ্নই ওঠে না।
তিনি প্রশ্ন তোলেন, প্রতিমন্ত্রী কি উপহার গ্রহণের কথা বলে ঘুসকে বৈধতা দিতে চাইছেন, নাকি পরোক্ষভাবে ঘুস গ্রহণে উৎসাহ দিচ্ছেন? যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম প্রতিরোধ করা, চাকরির শুরুতেই তাঁদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত সুবিধা নেওয়ার পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুস দাবিকে বৈধতা দিতে পারে এবং দুর্নীতির বিস্তার ঘটাতে পারে। নতুন করে চিন্তা করার নামে সরকারি ক্রয়ব্যবস্থায় দুর্নীতিবান্ধব পরিবেশ তৈরি ও সুরক্ষার চেষ্টা হচ্ছে কি না, সে প্রশ্নও সামনে এসেছে। প্রতিমন্ত্রীর এ বক্তব্য সরকারের অবস্থান কি না, তা স্পষ্ট করার দায়িত্ব সরকারের।
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, নিয়মিত দাফতরিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অনুমতি কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে জানাতে হবে। দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী, সরকারি দায়িত্ব পালনের প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে কোনো সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। একইভাবে, দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা অপর্যাপ্ত প্রতিদানের বিনিময়ে মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে দণ্ডবিধির ১৬৫ ধারায় শাস্তির বিধান রয়েছে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) উল্লেখ করে তিনি বলেন, বিধিতে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাতার প্রতি দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করতে পারে—এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। একই বিধিমালার বিধি ৫(৪) অনুযায়ী, সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উৎস থেকে পাওয়া প্রতিটি উপহারের মূল্যসীমা ৫০০ টাকা।
অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়া যেতে পারে, যার প্রতিটির মূল্য সর্বোচ্চ ৫ হাজার টাকা। তবে এ বিধানের কোনোটিই দাপ্তরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অনুমোদন দেয় না বলে উল্লেখ করেন তিনি।
প্রকৌশলী ও ঠিকাদারের মধ্যে এ ধরনের লেনদেনের সম্ভাব্য নেতিবাচক দিক তুলে ধরে ড. ইফতেখারুজ্জামান বলেন, একজন প্রকৌশলী যে ঠিকাদারের কাজ তদারক করেন, তার কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হতে পারে। এতে কাজ তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার পাশাপাশি অন্য ঠিকাদারদের সমান সুযোগও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের সম্পর্ক থেকে ঠিকাদার ও প্রকৌশলীদের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতি বাড়ার আশঙ্কা রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, এ চর্চা অন্য সরকারি দফতরেও ছড়িয়ে পড়তে পারে। একপর্যায়ে সেবা পাওয়ার শর্ত হিসেবে উপহারের নামে অবৈধ অর্থ আদায় স্বাভাবিক চর্চায় পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। আজ স্বেচ্ছায় দেওয়া উপহার হিসেবে যা উপস্থাপন করা হচ্ছে, ভবিষ্যতে তা নাগরিকের প্রাপ্য সেবা পেতে ঘুস দেওয়ার বিস্তৃত ব্যবস্থায় রূপ নিতে পারে।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তাঁর পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। প্রতিমন্ত্রী ও ওই সচিবের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তার মতে, এমন অবস্থান সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর ও আত্মঘাতী এবং সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে ‘সমঝোতার লেনদেন’ হিসেবে উল্লেখ করার বক্তব্যের প্রসঙ্গও টেনে আনেন ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকারের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এমন দুর্নীতিসহায়ক অবস্থান নিজেদের জন্য অশনিসংকেত—এ বিষয়টি সরকারের উপলব্ধি করা প্রয়োজন।
বিবৃতিতে টিআইবি প্রতিমন্ত্রীর কাছে তার বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া এবং জবাবদিহি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বক্তব্যটি নিঃশর্তভাবে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। প্রতিমন্ত্রীর বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে টিআইবি।
সময়ের আলো/জেডি