এক সপ্তাহ না পেরোতেই আবারও ফুটপাত ও সড়কের বড় অংশজুড়ে বসেছে ভ্রাম্যমাণ দোকান। সংগৃহীত ছবি রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঘটা করে উচ্ছেদ অভিযান চালিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে হকারদের সরিয়ে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত ও সড়ক অনেকটাই ফাঁকা করা হয়েছিল। তবে এক সপ্তাহ না পেরোতেই ফিরে এসেছে আগের চিত্র। আবারও ফুটপাত ও সড়কের বড় অংশজুড়ে বসেছে ভ্রাম্যমাণ দোকান। এতে যানজটের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাত ও সড়কের পাশে শত শত হকার দোকান নিয়ে বসেছেন। কোথাও কোথাও ফুটপাতের বড় অংশ দখল করে দোকান বসানোয় পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে। শুধু ফুটপাত নয়, সড়কের বড় অংশও চলে গেছে হকারদের দখলে।
গুলিস্তান জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম মসজিদ ও স্টেডিয়ামসংলগ্ন এলাকাসহ প্রায় সব জায়গায় একই চিত্র দেখা গেছে। এমনকি সচিবালয়ের প্রবেশপথের সামনেও বসেছে ভ্রাম্যমাণ দোকান। গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত সড়কের প্রায় পুরোটাই হকারদের দখলে রয়েছে।
এর আগে গত মাসের শেষ দিকে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। সে সময় বারবার উচ্ছেদের পরও হকাররা ফিরে আসার বিষয়ে জানতে চাইলে প্রশাসক বলেছিলেন, নগরবাসীর স্বার্থে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করা হলে যতবার প্রয়োজন অভিযান চালানো হবে। পাশাপাশি মালামাল জব্দ, আইনি ব্যবস্থা ও প্রয়োজনে গ্রেপ্তারের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।
তবে প্রশাসকের কঠোর অবস্থানের পরও গুলিস্তানের চিত্রে স্থায়ী পরিবর্তন আসেনি। জিরো পয়েন্টে দায়িত্ব পালন করা নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, হকারদের সরিয়ে দেওয়ার পর তারা আবারও বসে পড়েন। একদিকে অভিযান চালালে অন্যদিকে গিয়ে দোকান বসান। সব সময় শুধু হকারদের দেখভাল করা পুলিশের পক্ষে সম্ভব নয়।
গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় নিয়মিত চলাচলকারী পথচারী রিফাত হোসেন বলেন, হকারদের কারণে সড়ক ও ফুটপাত দিয়ে চলাচলে সমস্যা হয়। যানবাহন ঠিকমতো চলতে পারে না, নিয়মিত যানজট তৈরি হয়। তাদের এমনভাবে সরিয়ে দেওয়া প্রয়োজন, যাতে আবার দখল করতে না পারেন।
আরেক পথচারী সাইফুল ইসলাম বলেন, গুলিস্তানের মতো ব্যস্ত এলাকায় সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন থাকা জরুরি। কিন্তু হকাররা ফুটপাতের প্রায় পুরোটাই এবং সড়কের বড় অংশ দখল করে রাখায় হাঁটাচলা ও যান চলাচল দুটোই বাধাগ্রস্ত হচ্ছে।
গুলিস্তান শপিং কমপ্লেক্সের নিরাপত্তাকর্মী মো. মোস্তফা জানান, মার্কেটের সামনের পুরো জায়গা একবার ফাঁকা করা হয়েছিল। কিন্তু এখন আবার দোকান বসেছে। এক জায়গা থেকে সরিয়ে দিলে হকাররা অন্য জায়গায় গিয়ে বসেন।
তিনি আরও বলেন, ফুটপাতে দোকানের জায়গা নিয়ে হকারদের মধ্যে প্রায়ই বিরোধ ও মারামারি হয়। কে কার জায়গা দখল করবেন, তা নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে আবার তারা নিজ নিজ দোকানে ফিরে আসেন।
অন্যদিকে হকারদের দাবি, জীবিকার তাগিদেই উচ্ছেদের পরও তারা আবার ফুটপাত ও সড়কে দোকান নিয়ে বসেন। নাম প্রকাশ না করার শর্তে এক হকার বলেন, এখানে ব্যবসা করেই তাদের সংসার চলে। সন্তানদের পড়াশোনার খরচও মেটাতে হয়। ব্যবসা করতে না পারলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়বে। বসার জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় বাধ্য হয়েই তারা আবার রাস্তায় ফিরে আসেন।
যা বলছে ডিএসসিসি
উচ্ছেদ অভিযানের পরও ফুটপাত ও সড়ক পুনরায় দখল হয়ে যাওয়ার বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা সিটি করপোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রশাসক নিজেও বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। তবে কিছু এলাকায় এখনো ঘাটতি থাকায় পুরোপুরি উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, এ বিষয়ে সিটি করপোরেশন কঠোর অবস্থানে রয়েছে। হকারদের জন্য নির্ধারিত জায়গা ও সীমানার বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি জরিমানা করা হচ্ছে। যেসব এলাকায় এখনো অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে রাখা হয়েছে, সেসব জায়গায় আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে।
সময়ের আলো/ইউএমএইচ