প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের জন্য টিকিটের দাম ১ হাজার টাকা নির্ধারণ । ছবি : সংগৃহীতসাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের জন্য টিকিটের দাম ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। রাত সাড়ে আটটায় স্বাগতিক বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। প্রথম সেমিফাইনালে বিকেল তিনটায় লড়বে ভারত ও ভুটান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরের পর থেকে টিকিট বিক্রি চলছে টিকিফাই প্ল্যাটফর্মে। এদিকে, সাফের গ্রুপ পর্ব পর্যন্ত টিকিটের দাম প্রকাশ করা হয়েছিল। এখনও নির্ধারিত হয়নি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিটের দাম।
সাফের মার্কেটিং স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ প্রধান নির্বাহী সজীব রশিদ বলেন, ‘ইতোমধ্যে প্রায় এগারো হাজার টিকিট বিক্রি হয়েছে। টিকিটের চাহিদা ভালোই।’ গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কা গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দাম ছিল ৮০০ টাকা। সেমিফাইনালে দুই ম্যাচের টিকিট ১ হাজার রাখা হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রাত সাড়ে আটটায়। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে। সেখানেও ড্র থাকলে টাইব্রেকার। এতে খেলা শেষ হতে হতে প্রায় ১১টা বাজতে পারে। এত রাতে খেলা শেষ করে দর্শকদের বাসায় ফিরে পরের দিন সকালে কাজে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া কঠিন।
এ বিষয়ে সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘জাতীয় স্টেডিয়ামে ড্রেসিংরুম দুটো। খেলা শেষ হওয়ার পর ড্রেসিং রুম ছাড়তে দেরি হয়। ফলে অন্য দলকে অপেক্ষা করতে হতে পারে। সব দিক বিবেচনা করে একদিনেই দুই সেমিফাইনাল আয়োজনের জন্য এই সময় নির্ধারণ করা হয়েছে।’
সময়ের আলো/এসকে