প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
ছবি : সংগৃহীততুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে দেশটির আন্তালিয়ায় জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা জাদুঘরটির উদ্বোধন করেন।
তিন দিনের তুরস্ক সফরের শেষ দিনে এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন ডা. জুবাইদা রহমান। পরে উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এমিনে এরদোয়ানের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা উপস্থিত ছিলেন।
জিরো ওয়েস্ট মিউজিয়ামে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি ও উদ্যোগ তুলে ধরা হয়েছে। প্লাস্টিকদূষণ কমানো, ব্যবহৃত সামগ্রী পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
এমিনে এরদোয়ানের উদ্যোগে ২০১৭ সালে তুরস্কে ‘জিরো ওয়েস্ট’ আন্দোলন শুরু হয়। বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে পরিবেশের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা এ আন্দোলনের উদ্দেশ্য।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান ডা. জুবাইদা রহমান। সফরকালে জলবায়ু সম্মেলন ঘিরে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন তিনি।
সময়ের আলো/টিকে