প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি : সংগৃহীতবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালুর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানান তিনি।
সভায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে নতুন টার্মিনালের কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালের কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। শুরুতে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর ধাপে ধাপে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, তৃতীয় টার্মিনাল চালুর ক্ষেত্রে কোনো একটি সংস্থার প্রস্তুতিতে ঘাটতি থাকলে সামগ্রিক কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় এবং সময়মতো সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি।
সভায় অংশ নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন এবং বাকি কাজ দ্রুত শেষ করার বিষয়ে মতামত দেন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়।
সময়ের আলো/কেএইচও