কথাসাহিত্যিক ও বিজ্ঞানী ড. পূরবী বসু আর নেই

জাতীয়

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী ড. পূরবী বসু আর নেই। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি

2026-11-14T10:01:22+00:00
2026-11-14T10:01:22+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়
কথাসাহিত্যিক ও বিজ্ঞানী ড. পূরবী বসু আর নেই
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:০১ এএম 
ছবি : সংগৃহীত
কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী ড. পূরবী বসু আর নেই। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি শহরে নিজ বাসভবনে ঘুমের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ড. পূরবী বসুর ছেলে দীপেন দত্ত মায়ের প্রয়াণের খবর জানিয়ে ফেসবুক পোস্টে এক আবেগঘন বার্তায় তার দীর্ঘ ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন।

দীপেন দত্ত জানান, গত দুই বছর আগে বড় ধরনের স্ট্রোক করেন পূরবী বসু। পাঁচ বছর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এর ১২ বছর আগে ক্যানসার জয় করেছিলেন তিনি। প্রায় ২০ বছর আগে পারকিনসন্স রোগ ধরা পড়ার পরও অদম্য মনোবল নিয়ে বেঁচে ছিলেন পূরবী বসু।

মায়ের স্মৃতিচারণ করে দীপেন দত্ত বলেন, ‘আমার মা আমার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন। প্রকৃতির এক সত্যিকারের অপ্রতিরোধ্য শক্তি, যিনি তার সংস্পর্শে আসা প্রতিটি মানুষের মনে গভীর রেখাপাত করে গেছেন এবং অসংখ্য মানুষের জীবনকে উন্নত করেছেন।’

জীবনভর বিজ্ঞান ও মানবকল্যাণে ব্রতী থাকা এই মানুষটির আজীবনের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ইউনিভার্সিটি অব মায়ামিতে দান করার প্রক্রিয়া চলছে।

বাংলা সাহিত্য, বিজ্ঞান এবং নারী আন্দোলনের অঙ্গনে ড. পূরবী বসু এক দীপ্তময় ও বরেণ্য নাম। বহুমুখী প্রতিভার অধিকারী এই মহীয়সী নারী একাধারে একজন কৃতি বিজ্ঞানী, প্রাবন্ধিক, ছোটগল্পকার, কবি এবং ঔপন্যাসিক। তার লেখনীতে ফুটে উঠেছে বিজ্ঞানের শাণিত যুক্তি ও সূক্ষ্ম বিশ্লেষণ, বাংলার সমাজজীবনের গভীরে প্রোথিত অবহেলিত মানুষের বেদনাবোধ, নারীর আত্মোপলব্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বার্তা।

ড. পূরবী বসু ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। চতুর্থ শ্রেণিতে পড়াকালীন তার লেখা একটি গোয়েন্দা গল্প স্থানীয় দেয়াল পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং মুন্সিগঞ্জের একটি স্থানীয় দৈনিক পত্রিকার ছোটদের পাতা- যেমন ‘কচিকাঁচার আসর’, ‘সাত ভাই চম্পা’ এবং ‘খেলাঘর’-এ নিয়মিত লেখালেখি শুরু করেন।

১৯৫৯ সালে প্রখ্যাত সাহিত্যিক আহসান হাবীব সম্পাদিত তৎকালীন দৈনিক পাকিস্তান (বর্তমান দৈনিক বাংলা) পত্রিকার সাহিত্য পাতায় তার একটি গল্প প্রকাশিত হয়, যা তার সাহিত্যিক জীবনে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন। ফার্মেসিতে পড়াশোনা শেষ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা মেডিকেল কলেজ অব পেনসিলভেনিয়া থেকে প্রাণ-রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ডক্টরেট ডিগ্রি অর্জনের পর তিনি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন এবং তার গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গবেষণা বৃত্তি লাভ করেন। তার বহু গবেষণা-প্রবন্ধ বিশ্বের নানা খ্যাতনামা বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে।

ড. পূরবী বসুর পেশাগত জীবন অত্যন্ত বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। বিজ্ঞানচর্চা ও গবেষণা ছিল তার পেশাগত জীবনের মূল ভিত্তি। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশ্ববিখ্যাত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে গবেষণা কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কর্নেল ইউনিভার্সিটিতে অধ্যাপনার সাথে যুক্ত হন।

দীর্ঘকাল প্রবাসে বিজ্ঞান সাধনা ও অধ্যাপনা শেষে তিনি স্বদেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে উচ্চ পদে যোগদান করেন। এছাড়া তিনি বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।


ব্যক্তিগত জীবনে তিনি ১৯৬৭ সালের ২৪ সেপ্টেম্বর একুশে পদক বিজয়ী প্রখ্যাত সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদেরে এক মেয়ে ও এক ছেলে রয়েছেন।

ছোটবেলায় লেখালেখি শুরু করলেও পেশাগত জীবনের ব্যস্ততা পেরিয়ে ১৯৮৯ সালে সমবায় প্রকাশনী থেকে তার প্রথম মৌলিক গল্পের বই ‘পূরবী বসুর গল্প’ প্রকাশিত হয়।

তার গল্পে, উপন্যাসে বিশেষভাবে ফুটে উঠেছে সমাজের অবহেলিত, নিপীড়িত, প্রান্তিক মানুষ এবং ধর্মীয় সংখ্যালঘু ও দরিদ্র জনগণের জীবনসংগ্রামের বাস্তব চিত্র।

তার রচনায় নারীর অধিকার, নারীবাদী ধ্যান-ধারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে। তার প্রবন্ধগ্রন্থের মধ্যে ২০১৩ সালে প্রকাশিত ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ অত্যন্ত প্রশংসিত হয়। এই বইটিতে ১৩টি প্রবন্ধে ১৮টি পুরাণ ও উপপুরাণসহ প্রাচ্যের রূপকথা ও উপকথার নারী চরিত্র এবং তাদের ঘটনাবলির সুগভীর মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

এছাড়া বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত তার ‘আমার এ দেহখানি’ গ্রন্থে পুরুষ ও পুরুষতন্ত্র, মাতৃত্ব এবং নারী-পুরুষের সৃষ্টির আদি রহস্য নিয়ে গভীর দার্শনিক ভাবনা প্রকাশ পেয়েছে।

২০১৪ সালে অন্য প্রকাশ থেকে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘অবিনাশী যাত্রা’ প্রবাসজীবনে একজন নারীর একা বেঁচে থাকার দীর্ঘ সংগ্রাম ও আত্মিক উপলব্ধির এক মর্মস্পর্শী দলিল।

বাংলা কথাসাহিত্যে ও মননশীল লেখায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. পূরবী বসু দেশের বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- অনন্যা সাহিত্য পুরস্কার (২০০৫) এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৫)।

সময়ের আলো/টিকে
  বিষয়:   কথাসাহিত্যিক  বিজ্ঞানী  ড. পূরবী বসু  আর নেই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: