রোগের খবর জানে না রোগী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খাদ্যাভ্যাসের পরিবর্তন, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, অতিরিক্ত ওজন, মানসিক চাপ, ঘুমের ঘাটতি এবং বংশগত কারণ— সব মিলিয়ে দেশে ঝুঁকি বাড়ছে

2026-11-14T01:41:30+00:00
2026-11-14T01:42:19+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
রোগের খবর জানে না রোগী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:৪১ এএম  আপডেট: ১৪.১১.২০২৬ ১:৪২ এএম
দেশে ঝুঁকি বাড়ছে ডায়াবেটিসের । ছবি : সংগৃহীত
খাদ্যাভ্যাসের পরিবর্তন, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, অতিরিক্ত ওজন, মানসিক চাপ, ঘুমের ঘাটতি এবং বংশগত কারণ— সব মিলিয়ে দেশে ঝুঁকি বাড়ছে ডায়াবেটিসের। প্রতিদিনের খাদ্যতালিকায় অতিরিক্ত ভাত, মিষ্টি, চিনি ও কোমল পানীয়ের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করছে। নীরবে শরীরে বাসা বাঁধা এ রোগে আক্রান্ত মানুষের বড় একটি অংশ জানেই না তাদের ডায়াবেটিস রয়েছে। ফলে জানতে পারার আগেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে কিডনি, চোখ, হৃদযন্ত্রসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। দেশে ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসসহ আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় আড়াই কোটি। রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টমে। তবে সময়ে ব্যবধানে এই রোগীর সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ডায়াবেটিস নিয়ে রীতিমতো এমন উদ্বেগজনক চিত্র তুলে ধরছেন তারা। ফলে নিয়মমাফিক জীবনযাত্রার প্রতি গুরুত্ব দিচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে আজ শনিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। আর এবারের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) হিসাবে, বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সি ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ। আক্রান্তদের ৩৯ দশমিক ১ শতাংশেরই রোগটি শনাক্ত হয়নি। অন্যদিকে বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির (বিইএস) হিসাবে, দেশে ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসসহ আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় আড়াই কোটি। রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন অষ্টম। এভাবে চলতে থাকলে ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ সপ্তম অবস্থানে উঠে আসতে পারে। তখন রোগীর সংখ্যা দাঁড়াতে পারে ২ কোটি ২৩ লাখে। আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সামনে রেখে বিশেষজ্ঞরা এমন উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন।

আইডিএফের তথ্য অনুযায়ী, ২০১১ সালে বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৮৪ লাখ। ২০২৪ সালে তা বেড়ে প্রায় ১ কোটি ৪০ লাখে দাঁড়িয়েছে। অর্থাৎ ১৩ বছরে রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৬৫ শতাংশ। বর্তমানে ২০ থেকে ৭৯ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের ১৩ দশমিক ২ শতাংশ এ রোগে আক্রান্ত। সে হিসেবে প্রতি আটজন প্রাপ্তবয়স্কের একজন ডায়াবেটিসে ভুগছেন। আক্রান্তদের মধ্যে প্রায় ৫৪ লাখ ২৬ হাজার মানুষ জানেন না তাদের ডায়াবেটিস রয়েছে।

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২-এর বিশ্লেষণেও উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। জরিপ অনুযায়ী, দেশে ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ। ২০১৭-১৮ সালের জরিপে এ হার ছিল ৯ দশমিক ২ শতাংশ। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে রোগটির প্রকোপ প্রায় দ্বিগুণ হয়েছে। বিইএসের নেতাদের মতে, প্রি-ডায়াবেটিসসহ হিসাব করলে দেশে আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই কোটি। ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হওয়ার ঝুঁকিও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় অতিরিক্ত ভাত, মিষ্টি, চিনি ও কোমল পানীয়ের উপস্থিতি ডায়াবেটিসকে জটিল করছে। একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি গড়ে দিনে ৪০০ গ্রাম চাল খান, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ ২৫০ গ্রাম। একই সঙ্গে কমেছে শারীরিক পরিশ্রমের অভ্যাস। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় বসে থাকা, যানবাহনের ওপর নির্ভরতা এবং অবসর সময়ে শারীরিক কর্মকাণ্ডের পরিবর্তে মোবাইল বা টেলিভিশনে সময় কাটানো ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে। পেটে অতিরিক্ত চর্বি জমা এবং ফ্যাটি লিভারও এ ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির গবেষণা অনুযায়ী, দেশে প্রতি তিনজনের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত।

ডায়াবেটিসের ঝুঁকি আর শুধু বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই। তরুণদের পাশাপাশি কম বয়সিদের মধ্যেও বাড়ছে এ রোগের উপস্থিতি। বারডেম হাসপাতালের তথ্য অনুযায়ী, ৩০ বছরের নিচে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ফাস্টফুড ও কোমল পানীয় গ্রহণের প্রবণতার পাশাপাশি শারীরিক নিষ্ক্রিয়তাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এমএস জহিরুল হক চৌধুরী বলেন, দেশে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের রোগী বাড়ছে। এর মূল কারণ জীবনযাপনের পরিবর্তন। আমরা এখন বেশি খাই, কম হাঁটি, বেশি চিন্তা করি, কম ঘুমাই।

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসে পরিবর্তনের পাশাপাশি খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর দাবি উঠেছে। অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্য গ্রহণ অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। এসব খাবারে লবণ, চিনি ও চর্বির মাত্রা অনেক ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্যক্ষতিকর উপকরণ সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্য প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে। তার মতে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন। ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং চালু হলে ভোক্তারা পণ্যে থাকা অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বি সম্পর্কে সহজেই জানতে পারবেন এবং সচেতনভাবে খাবার বেছে নিতে পারবেন।

এদিকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সময়মতো শনাক্তকরণ ও জীবনযাপনে পরিবর্তনের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ৩৫ বছরের বেশি বয়সিদের বছরে অন্তত একবার ডায়াবেটিস পরীক্ষা, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, ভাতের পরিমাণ কমিয়ে শাকসবজি বাড়ানো, চিনি ও কোমল পানীয় পরিহার এবং ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, ধূমপান পরিহার এবং পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

ডায়াবেটিসের কারণে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও বাড়ছে চাপ। আইডিএফের হিসাবে, ২০২৪ সালে বাংলাদেশে ডায়াবেটিস-সম্পর্কিত স্বাস্থ্যব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা। রোগের জটিলতা বাড়লে চিকিৎসার ব্যয়ও বাড়ে, যা অনেক পরিবারের জন্য বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস মোকাবিলায় শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না। রোগ শনাক্তে সচেতনতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সরকারি উদ্যোগ জরুরি। কারণ আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের রোগ সম্পর্কে অজ্ঞতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। তাই ডায়াবেটিস প্রতিরোধে সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো সময়মতো পরীক্ষা করা এবং জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনা।

‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ ও স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করা যায়। তাই সুস্থভাবে জীবনযাপন করতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রপতি বলেন, নগরায়ণের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে। এ ছাড়া ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

পৃথক আরেক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনও এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত। এ ছাড়া প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান তিনি।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   বিশ্ব  ডায়াবেটিস দিবস  আজ  রোগ  খবর  জানে না  রোগী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: