প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও বানালে হতে পারে ৫০ হাজার টাকা জরিমানা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও জনপ্রিয়তা বাড়াতে প্রাণীকে ভয় দেখানো বা উত্ত্যক্ত করে ভিডিও তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। কখনো ড্রোন উড়িয়ে

2026-11-13T22:04:39+00:00
2026-11-13T22:04:39+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও বানালে হতে পারে ৫০ হাজার টাকা জরিমানা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম 
এআই নির্মিত ছবি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ ও জনপ্রিয়তা বাড়াতে প্রাণীকে ভয় দেখানো বা উত্ত্যক্ত করে ভিডিও তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। কখনো ড্রোন উড়িয়ে শিয়ালকে আতঙ্কিত করা হচ্ছে, আবার কখনো ঘুমন্ত কুকুরের লেজে বেলুন বেঁধে ফাটিয়ে দেওয়া হচ্ছে। অনলাইনে বিনোদনের নামে প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা ঠেকাতে আইনে কঠোর শাস্তির বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের সংশোধিত খসড়ায় প্রাণীকে বিরক্ত বা আতঙ্কিত করে ভিডিও তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখার কথা বলা হয়েছে। এ ধরনের কাজে সহযোগিতা করলেও শাস্তির আওতায় আসতে হবে।

খসড়ার প্রস্তাব অনুযায়ী, ঘুমন্ত, বিশ্রামরত কিংবা শারীরিক সংসর্গে থাকা প্রাণীকে বিরক্ত করে ভিডিও তৈরি করা যাবে না। প্রাণীর সামনে প্রতিবিম্ব তৈরি করে কিংবা শরীরে কোনো বস্তু লাগিয়ে ভয় দেখিয়ে কনটেন্ট বানানো ও প্রচারও অপরাধ হিসেবে বিবেচিত হবে। এসব অপরাধকে আমলযোগ্য করার প্রস্তাব রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান জানান, প্রাণিকল্যাণ আইনের সংশোধিত খসড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অংশীজনদের মতামতের জন্য খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মতামত পাওয়ার পর প্রয়োজনীয় সংশোধন করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

তিনি বলেন, প্রাণীর প্রতি বিভিন্ন ধরনের নিষ্ঠুরতা বন্ধ এবং আইনটিকে সময়োপযোগী করতেই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাত ধরনের অপরাধে কঠোর শাস্তির প্রস্তাব

সংশোধিত খসড়ায় প্রাণীর প্রতি নিষ্ঠুরতাসংক্রান্ত সাত ধরনের অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অসুস্থ প্রাণীকে লোকালয়ে ছেড়ে দেওয়া, প্রাণীকে টোপ হিসেবে ব্যবহার, লড়াইয়ে নিয়োজিত করা এবং গুলি বা তির ছোড়ার প্রতিযোগিতায় লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা।

এ ছাড়া ক্ষুধা, তৃষ্ণা বা নিষ্ঠুরতার কারণে অসুস্থ প্রাণীকে চিকিৎসা না করিয়ে বিক্রি করা, মালিকবিহীন প্রাণী হত্যা, প্রাণীর শরীর থেকে সংবেদনশীল টিস্যু অপসারণ বা অঙ্গহানি এবং বিষাক্ত খাবার বা ওষুধ প্রয়োগ করে প্রাণীর ক্ষতি করার মতো অপরাধেও কঠোর শাস্তির প্রস্তাব রয়েছে।

খসড়ায় কয়েকটি অপরাধের জরিমানা ও কারাদণ্ড বাড়ানোর কথাও বলা হয়েছে। প্রয়োজনীয় খাবার না দেওয়া, জোর করে অতিরিক্ত খাবার খাওয়ানো এবং মালিকবিহীন প্রাণী নিধনের মতো অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।


প্রাণীর অঙ্গহানি বা শারীরিক কাঠামোয় ক্ষতিকর পরিবর্তন আনলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখার প্রস্তাব রয়েছে। বিষাক্ত খাবার বা ওষুধ প্রয়োগে প্রাণীর মৃত্যু কিংবা স্থায়ী ক্ষতি হলেও একই শাস্তির কথা বলা হয়েছে।

প্রাণিকল্যাণ আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রাণী অধিকারকর্মীরা। তবে খসড়ার কয়েকটি বিধানের অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক এমিল বলেন, ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইন প্রাণীদের সুরক্ষায় প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। সংশোধিত খসড়ায় কিছু অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করা এবং শাস্তি বাড়ানোর প্রস্তাব আশাব্যঞ্জক।

তবে প্রস্তাবিত আইনের ৭ ধারার ১ উপধারায় প্রাণী হত্যা ও অপসারণের সুযোগ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে পথকুকুরের ক্ষেত্রে এ বিধানের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। আইন চূড়ান্ত করার আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   প্রাণী  উত্ত্যক্ত  ভিডিও  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: