প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ছবি : সংগৃহীতসড়ক দুর্ঘটনা কমাতে ২০ হাজার পেশাদার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। রোববার (১৫ নভেম্বর) থেকে দেশজুড়ে এ পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।
প্রথম পর্যায়ে দেশের ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রাফিক আইন, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানো এবং সড়কে দায়িত্বশীল আচরণের বিষয়ে চালকদের দক্ষতা বাড়ানো হবে।
সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বিআরএসপি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিআরটিসি।
বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, ‘শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের হার কম থাকলেও দিন দিন তাদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।’
তিনি আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
সময়ের আলো/এমকে