জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নত দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে উন্নত

2026-11-13T08:32:45+00:00
2026-11-13T08:32:45+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জাতীয়
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নত দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৩২ এএম 
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম। ছবি : সময়ের আলো
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে অবস্থিত নেপাল প্যাভিলিয়নে আয়োজিত এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘এলডিসি পার্লামেন্টারিয়ানস অ্যাট কপ৩১: টার্নিং ক্লাইমেট ডিক্লারেশনস ইনটু অ্যাকশন’ শীর্ষক এ বৈঠকে জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন এবং দিলি ঘোষণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেছেন, জলবায়ু সম্মেলনে গৃহীত ঘোষণা ও প্রতিশ্রুতি কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এগুলোকে বাস্তব ও কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে। বিশেষ করে জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী দেশগুলোকে তাদের আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তুলনামূলকভাবে কম ভূমিকা রাখলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার মতো দুর্যোগ এসব দেশের খাদ্যনিরাপত্তা, কৃষি, জীবিকা, অবকাঠামো ও টেকসই উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি।

তিনি বলেন, ২০২৬ সালের এলডিসি দিলি মন্ত্রীপর্যায়ের জলবায়ু পরিবর্তনবিষয়ক ঘোষণা স্বল্পোন্নত দেশগুলোর অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকার আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরার গুরুত্বপূর্ণ ভিত্তি। এ ঘোষণার লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক আলোচনার পাশাপাশি জাতীয় পর্যায়েও কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে আইন প্রণয়ন, নীতি সংস্কার, বাজেট বরাদ্দ, জবাবদিহি ও তদারকির মাধ্যমে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।


পরিবেশ প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু অর্থায়ন উন্নত দেশগুলোর আন্তর্জাতিক প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অভিযোজন, প্রশমন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদানভিত্তিক ও সহজলভ্য অর্থায়ন বাড়াতে হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর ঋণের অতিরিক্ত বোঝা চাপিয়ে না দিয়ে অর্থায়ন ব্যবস্থাকে স্বচ্ছ, ন্যায্য ও কার্যকর করতে হবে। প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা তৈরিতেও আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি।

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু লক্ষ্য অর্জনে এ রূপান্তর জরুরি। তবে তা হতে হবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক। পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন চাহিদা ও জ্বালানি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে হবে।

সংসদ সদস্যদের ভূমিকা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জলবায়ুবান্ধব আইন ও নীতি প্রণয়ন, সরকারি ব্যয়ের তদারকি, অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংসদীয় সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেন তিনি।

ফরিদুল ইসলাম বলেন, কপ৩১-এর আলোচনা ও সিদ্ধান্তে স্বল্পোন্নত দেশগুলোর বাস্তব চাহিদার প্রতিফলন থাকতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু ঘোষণা নয়, তার বাস্তবায়নই বেশি গুরুত্বপূর্ণ। একইভাবে প্রতিশ্রুতির চেয়ে কার্যকর পদক্ষেপ এবং অর্থায়নের প্রতিশ্রুতির চেয়ে অর্থের প্রকৃত প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি।

‘পার্লামেন্টারিয়ানস ফর আ ফসিল-ফ্রি ফিউচার’ নেটওয়ার্কের উদ্যোগে বৈঠকটি আয়োজন করা হয়। এতে স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু আলোচক ও বিভিন্ন দেশের সংসদ সদস্যরা অংশ নেন।

নেপালের সংসদ সদস্য অর্জুন কার্কির সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন দেশটির কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা চৌধুরী, ফিলিপাইনের সংসদ সদস্য ও নেটওয়ার্কটির এশিয়াবিষয়ক স্টিয়ারিং কমিটির সদস্য সিয়েলো ক্রিসেল লাগম্যান, তিমুর-লেস্তের ইউএনএফসিসিসি ফোকাল পয়েন্ট অগুস্তো ম্যানুয়েল পিন্টো এবং দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিচালক কার্লোস কনসেইসাও।

বৈঠকে ২০২৬ সালের দিলি মন্ত্রীপর্যায়ের জলবায়ু ঘোষণার মূল বিষয় ও দাবিগুলো, জলবায়ু অর্থায়ন এবং কপ৩১ ও পরবর্তী সময়ে স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ সুরক্ষায় সংসদ সদস্যদের করণীয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   জলবায়ু পরিবর্তন  পরিবেশ প্রতিমন্ত্রী  ফরিদুল ইসলাম  কপ৩১  জলবায়ু সম্মেলন  তুরস্ক  জলবায়ু অর্থায়ন  জলবায়ু ন্যায়বিচার  স্বল্পোন্নত দেশ  বাংলাদেশ  নবায়নযোগ্য জ্বালানি  দিলি ঘোষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: