প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দুটি বৈঠক সম্পর্কের নতুন গতি সঞ্চার করেছে। ছবি : সংগৃহীতবাণিজ্য-বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতাকে কেন্দ্র করে নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছানোর পথে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক। দুই মাসের ব্যবধানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দুটি বৈঠক এ সম্পর্কের নতুন গতি সঞ্চার করেছে। কেবল কূটনৈতিক যোগাযোগ নয়, অর্থনৈতিক অংশীদারিত্ব ও প্রতিরক্ষা সহযোগিতাকে দীর্ঘমেয়াদি কাঠামোর মধ্যে আনার বিষয়েও আগ্রহ দেখাচ্ছে দুই দেশ।
গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এরদোগান। এরপর ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় আন্তর্জাতিক ফোরামের ফাঁকে আবারও বৈঠকে বসেন দুই নেতা। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, খনিজ সম্পদ, বিমান চলাচল ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুও আলোচনায় আসে।
দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের সম্ভাবনা বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশীয় উৎপাদন খাত গড়ে তুলতে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।
দূরত্ব পেরিয়ে সম্পর্কের নতুন অধ্যায় : ঢাকা-আঙ্কারা সম্পর্কের বর্তমান অবস্থান এক দিনে তৈরি হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। ২০১৬ সালে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক। তবে একই বছরের জুলাইয়ে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশের সমর্থন এবং ২০১৭ সালে রোহিঙ্গা সংকটে তুরস্কের সক্রিয় ভূমিকা সম্পর্কের বরফ গলাতে সহায়তা করে।
২০১৭ সালে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান বাংলাদেশ সফর করে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
পরবর্তী সময়ে তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমও বাংলাদেশ সফর করেন। রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে সংকটটি তুলে ধরতে তুরস্কের ভূমিকা দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনে।
এরপর অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ বাড়তে থাকে। ২০১৯ সালে তুরস্কের ‘এশিয়া এনিউ’ উদ্যোগের মাধ্যমে এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের প্রচেষ্টা শুরু হয়। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণেও এ উদ্যোগ নতুন সুযোগ তৈরি করে।
বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা : দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠছে বাণিজ্য ও বিনিয়োগ। ২০২৫ সালে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩৫ কোটি ডলারে পৌঁছেছে। এ বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে দুই দেশের। তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, চামড়াজাত পণ্য, যন্ত্রপাতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য উদাহরণ সিঙ্গার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ শেয়ার তুরস্কের আর্সেলিকের অধিগ্রহণ। ২০২০ সালে প্রায় ৭৫ মিলিয়ন ডলারের এ বিনিয়োগ বাংলাদেশের উৎপাদন খাতে তুর্কি প্রতিষ্ঠানের আগ্রহের দৃষ্টান্ত। এ ছাড়া তুরস্কের জ্বালানি প্রতিষ্ঠান আইগ্যাজ বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সঙ্গে প্রায় ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ উদ্যোগ নেয়।
দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষার নিয়েও আলোচনা চলমান রয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্প্রতি সাংস্কৃতিক বিনিময় ও ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা : ঢাকা-আঙ্কারা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি প্রতিরক্ষা সহযোগিতা। ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার, সাঁজোয়া যান ও সামরিক প্রযুক্তি উৎপাদনে তুরস্কের সক্ষমতা বেড়েছে। ফলে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাংলাদেশের জন্য দেশটি বিকল্প উৎস হিসেবে গুরুত্ব পাচ্ছে। এ ছাড়া বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প-কারখানা স্থাপন এবং এ খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি বাংলাদেশ সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করছে।
২০২১ সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে প্রায় ৬০ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কেনে। একই বছর তুরস্কের রকেটসানের তৈরি টিআরজি-৩০০ কাপলান ক্ষেপণাস্ত্রব্যবস্থার প্রথম চালান বাংলাদেশে পৌঁছায়। সরঞ্জাম কেনার পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও পেশাগত যোগাযোগও বেড়েছে।
২০২৫ সালে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুনের বাংলাদেশ সফর এবং একই বছর বাংলাদেশের বিমানবাহিনীর প্রধানের তুরস্ক সফর এ সহযোগিতাকে আরও এগিয়ে নেয়। ২০২৬ সালের জুলাইয়ে বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফরও দুই দেশের সামরিক যোগাযোগের ধারাবাহিকতা তুলে ধরে। প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং যৌথ উৎপাদনের সুযোগ তৈরি করতে পারলে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পথ সহজ হবে।
প্রাতিষ্ঠানিক কাঠামোর উদ্যোগ : দুই দেশের সম্পর্ককে দীর্ঘমেয়াদি ভিত্তি দিতে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগও রয়েছে। প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক বৈঠক এবং নিয়মিত ‘টু প্লাস টু’ সংলাপ আয়োজনের বিষয় আলোচনায় এসেছে।
এ ধরনের কাঠামো কার্যকর হলে রাজনৈতিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো নিয়মিত পর্যালোচনা করা সম্ভব হবে। ফলে দুই দেশের সম্পর্ক বিচ্ছিন্ন সফর বা নির্দিষ্ট চুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তি পাবে।
তুরস্কের কাছে বাংলাদেশের গুরুত্ব : দক্ষিণ এশিয়ার বড় বাজার, বিপুল জনসংখ্যা, উৎপাদন সক্ষমতা এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূরাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রতি তুরস্কের আগ্রহ বাড়ছে। এশিয়ায় অর্থনৈতিক ও কূটনৈতিক উপস্থিতি জোরদার করতে চায় আঙ্কারা। সেই লক্ষ্য পূরণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের জন্য তুরস্ক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির বিকল্প উৎস। পাশাপাশি ইউরোপ ও
মধ্যপ্রাচ্যের বাজারে যোগাযোগ বাড়ানো, জ্বালানি খাতে বিনিয়োগ এবং শিল্পায়নে প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও দেশটি সম্ভাবনাময় অংশীদার। রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও তুরস্কের সমর্থন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে ঢাকা-আঙ্কারা সম্পর্ক এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। গত এক দশকে তিন সরকারের আমলে সম্পর্কের এই ধারাবাহিকতা দেখাচ্ছে, দুই দেশের পারস্পরিক স্বার্থ এখন রাজনৈতিক পরিবর্তনের ঊর্ধ্বে উঠে একটি দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি করেছে। তবে এই সম্পর্কের প্রকৃত সাফল্য নির্ভর করবে উচ্চপর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা কতটা বাস্তব বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও প্রতিরক্ষা সহযোগিতায় রূপ নেয়, তার ওপর।
সময়ের আলো/প্রিন্ট/এমকে