ঋণ নয়, প্রয়োজন অনুদান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে পাঁচ দফা জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেছেন।প্রধানমন্ত্রী বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ

2026-11-13T00:50:50+00:00
2026-11-13T00:58:32+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জাতীয়
কপ-৩১ সম্মেলনে তারেক রহমান
ঋণ নয়, প্রয়োজন অনুদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এএম  আপডেট: ১৩.১১.২০২৬ ১২:৫৮ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে পাঁচ দফা জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন— আরও ঋণ নয়, যা তাদের ঋণ বাড়িয়ে দেয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের কপ-৩১ প্ল্যানারি আনাদুলু হলে দ্বিতীয় দিনের ‘লিডার সামিটে’ প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন বলে জানান তার উপ প্রেস সচিব হাসান শিপলু।

সরকারপ্রধান বলেন, সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং ‘নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

প্রথমত আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাপ খাইয়ে নেওয়ার কাজে ব্যয় করতে হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।


দ্বিতীয়ত জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের বোঝা কমাতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রয়েছে জলবায়ু দুর্যোগের সময় ঋণ পরিশোধ স্থগিত রাখা এবং জলবায়ু সুরক্ষার কাজে অর্থ ব্যয়ের শর্তে ঋণ মওকুফের ব্যবস্থা।

তৃতীয়ত পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তি ব্যবহারের সুযোগ সবার জন্য সমান করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি পৌঁছে দিতেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

চতুর্থত নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সহজ শর্তে অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের ব্যবস্থা করতে হবে।

পঞ্চমত কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এর মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্য।

বিশ্বনেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, বাংলাদেশ কপ-৩১ থেকে অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফল প্রত্যাশা করে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর ফলাফল প্রয়োজন।
আনতালিয়ায় কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং সম্মেলনের আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান।

জলবায়ু মোকাবিলায় সরকারের পরিকল্পনা

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারির দেশ হলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে এ দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম বলে জানান সরকারপ্রধান।

তারেক রহমান বলেন, এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য নির্গমনের লক্ষ্য অর্জনেও কাজ চলছে।

সবুজ শিল্পের প্রসারে সরকারের উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।

আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর উদ্দেশ্য পানি ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন।
এ সময় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও প্যাভিলিয়নটি পরিদর্শন করছিলেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাদের আগ্রহের বিষয়ে জানতে চান।

শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানার পাশাপাশি এ বিষয়ে পড়াশোনার আগ্রহ প্রকাশ করেন। 

জবাবে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষ যেন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চত করতে আসুন আমরা একযোগে কাজ করি।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, জুতা ও ব্লেজারসহ বিভিন্ন ধরনের ১২৯টি পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।

বৈঠকে তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন। সাইডলাইন বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ডের কাছে তিনি এ সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ সব তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিবাসন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। 

সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ঋণ  প্রয়োজন  অনুদান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: