ঢাকায় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে ঢাকা-দিল্লির মধ্যে। আগামী ১৭ ও

2026-11-12T23:15:27+00:00
2026-11-12T23:16:09+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন ঘিরে অস্বস্তি
ঢাকায় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৫ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ১১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে ঢাকা-দিল্লির মধ্যে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলা এই সংলাপের ওপরও। তবে সংলাপ স্থগিতের বিষয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর তার পাসপোর্ট বাতিল করা হয়েছিল। পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়। নতুন করে এসব নথি চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অবস্থান এবং ভারতের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা পরিচয়পত্র দিয়ে দেশে ফেরার সুযোগ দেওয়ার পরিবর্তে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়টিই গুরুত্ব পাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো আবেদনের সঙ্গে শেখ হাসিনার অনুমোদনের প্রমাণ না থাকায় সেটি তার নিজের আবেদন কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। 

এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে। তার ভাষ্য, একজন ব্যক্তির ভ্রমণের জন্য ভ্রমণ-সংক্রান্ত নথি প্রয়োজন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নটি দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়। ২০২৪ সালের আগস্টে তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে অস্বস্তি রয়েছে। বাংলাদেশ এর আগে কূটনৈতিক নোট ভারবালের মাধ্যমে তাকে ফেরত চেয়েছে। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর প্রত্যর্পণের দাবিও নতুন করে সামনে আসে। শেখ হাসিনা অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এমন পরিস্থিতিতে আগামী কনস্যুলার সংলাপটি দুই দেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কারণ এবারই প্রথম এই পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত কয়েকজন ব্যক্তির প্রত্যর্পণের বিষয়টি জোরালোভাবে তোলার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্তদের ফিরিয়ে আনার বিষয়টিও আলোচনায় থাকার কথা ছিল বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

এর বাইরে সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিশেষ করে সীমান্তে অনুপ্রবেশ ও পুশইন নিয়ে বাংলাদেশের উদ্বেগ দীর্ঘদিনের। সীমান্ত হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং দুই দেশের নাগরিকদের আটক হওয়ার মতো ঘটনাগুলোও দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলছে।

ভিসা কার্যক্রমও দুই দেশের সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পর্যটনের প্রয়োজনে প্রতি বছর বিপুলসংখ্যক বাংলাদেশি ভারতে যাতায়াত করেন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ভারতে ভিসা কার্যক্রম সীমিত হয়ে পড়ে। এতে বিশেষ করে চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভারতগামী বাংলাদেশিরা ভোগান্তিতে পড়েন। দুই দেশের মধ্যে স্বাভাবিক যোগাযোগ ও জনপর্যায়ের সম্পর্ক বজায় রাখতে ভিসা কার্যক্রম সহজ করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাওয়ার কথা ছিল।

জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন নিয়েও দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা প্রয়োজন। সমুদ্রসীমা ও জলসীমা অতিক্রমের অভিযোগে উভয় দেশের জেলেরা প্রায়ই আটক হন। তাদের দ্রুত মুক্তি এবং নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি আলোচ্যসূচিতে ছিল। এ ক্ষেত্রে জেলেদের দ্রুত প্রত্যাবাসনের জন্য একটি প্রটোকলের খসড়াও ভারত বাংলাদেশের সঙ্গে ভাগ করেছে বলে জানা গেছে।


এ ছাড়া পারস্পরিক আইনি সহযোগিতা চুক্তি (এমএলএটি), প্রত্যর্পণ-সংক্রান্ত বিষয় এবং দুই দেশের মধ্যে চলাচল সহজ করতে সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট) নবায়নের বিষয়েও আলোচনা হওয়ার কথা ছিল। ২০২৩ সালে এই ভ্রমণ ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তা ছয় মাস অন্তর নবায়ন করা হচ্ছে। ফলে নতুন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়টি দুই দেশের নাগরিকদের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয় ২০১৭ সালে। দুই দেশের নাগরিকদের যোগাযোগ বৃদ্ধি, ভিসা ও পাসপোর্ট-সংক্রান্ত সহযোগিতা, আটক নাগরিকদের প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহায়তার বিষয়গুলো নিয়মিত আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যেই এই প্রক্রিয়া চালু করা হয়। সর্বশেষ ২০২৪ সালের ২৯ মে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়। 

এবারের সংলাপটি শুধু কনস্যুলার ও নাগরিকসেবা-সংক্রান্ত বিষয়েই সীমাবদ্ধ থাকার কথা ছিল না; বরং দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের জটিল কিছু বিষয়ও এতে আলোচনায় আসার সম্ভাবনা ছিল। ফলে সংলাপ স্থগিত হওয়ার ঘটনা দুই দেশের মধ্যকার বিদ্যমান অস্বস্তিরই আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণ, তার পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত জটিলতা এবং সীমান্ত ব্যবস্থাপনার মতো বিষয়গুলো এখন ঢাকা-দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ঢাকা  বাংলাদেশ  ভারত  কনস্যুলার  সংলাপ  স্থগিত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: