পোশাকশ্রমিকদের চালের ভর্তুকি কি মালিকদের মজুরি বাড়ানোর চাপ কমাবে?

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে তাদের খাদ্যব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচিতে

2026-11-12T23:39:06+00:00
2026-11-12T23:40:27+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
পোশাকশ্রমিকদের চালের ভর্তুকি কি মালিকদের মজুরি বাড়ানোর চাপ কমাবে?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ১১:৪০ পিএম
ছবি : সংগৃহীত

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে তাদের খাদ্যব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচিতে প্রতি কেজি ৩০ টাকা দরে একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। তবে এ উদ্যোগের পুরো ব্যয় বহন করবে সরকার। কারখানার মালিকদের কোনো অর্থ দিতে হবে না।

এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সরকারি অর্থে শ্রমিকদের চালের ভর্তুকি দেওয়া হলে তা পরোক্ষভাবে মালিকদের ওপর মজুরি বাড়ানোর চাপ কমাবে কি না। অর্থনীতিবিদদের মতে, এই কর্মসূচি শ্রমিকদের সাময়িক স্বস্তি দিতে পারে, তবে মজুরি বাড়ানোর দাবির বিকল্প হতে পারে না।

কর্মসূচি যেভাবে চলবে

খাদ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তিন মাসের জন্য এ কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে। গত ১১ নভেম্বর অর্থ বিভাগের কাছে পাঠানো চিঠিতে এ কর্মসূচির জন্য সাড়ে চার হাজার মেট্রিক টন চাল এবং ট্রাক পরিচালনা, পরিবহন ও প্রশাসনিক ব্যয় মেটাতে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।

চিঠি অনুযায়ী, পোশাকশ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রির পরিকল্পনা রয়েছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে মোট ৩৭৫ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

সরকারের কাছে পর্যাপ্ত চাল মজুদ থাকায় এ কর্মসূচির চাল বিদ্যমান মজুদ থেকে সরবরাহ করা সম্ভব বলে খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে চাল বিক্রির ট্রাক পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে।

কতটা সাশ্রয় হবে শ্রমিকদের

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে আনুমানিক ২৮ লাখ পোশাকশ্রমিক রয়েছেন। তবে এ কর্মসূচিতে কতজন শ্রমিক সুবিধা পাবেন, তাঁদের কীভাবে নির্বাচন করা হবে এবং কোন কোন স্থানে চাল বিক্রি হবে, তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। সরকারকে মোট কত টাকা ভর্তুকি দিতে হবে, সে হিসাবও স্পষ্ট নয়।

বর্তমানে বাজারে প্রতি কেজি চালের দাম প্রায় ৫০ থেকে ৭০ টাকা। উদাহরণ হিসেবে, ৫০ টাকা কেজি দরের চাল ৩০ টাকায় বিক্রি করা হলে একজন শ্রমিক ১০ কেজি চাল কিনে মাসে ২০০ টাকা সাশ্রয় করতে পারবেন।

তবে এ সাশ্রয় শ্রমিকদের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় কমাতে কতটা ভূমিকা রাখবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বেসরকারি গবেষণা সংস্থা নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বিবিসি বাংলাকে বলেন, এ পরিমাণ সাশ্রয় শ্রমিকদের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে না। কারণ, কর্মসূচিটি মাত্র তিন মাসের জন্য। অথচ শ্রমিকদের খাদ্যব্যয় সারা বছরই থাকে। চাল ছাড়াও তাদের অন্যান্য খাদ্যব্যয় রয়েছে।

তিনি বলেন, পোশাকশ্রমিকদের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যে যাতায়াত, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণের মতো খাতও রয়েছে। এসব ব্যয়ও তাঁদের ওপর বড় চাপ তৈরি করে। পাশাপাশি চালের মানের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অতীতে নিম্নমানের চাল দেওয়ায় এ ধরনের কর্মসূচিতে অনেক শ্রমিক চাল কিনতে আগ্রহী হননি।

মজুরির বিকল্প নয় সরকারি সহায়তা

অর্থনীতিবিদদের মতে, নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে পোশাকশ্রমিকদের এ সহায়তা দেওয়া যেতে পারে। তবে এর সঙ্গে মজুরি নির্ধারণের বিষয়টি এক করে দেখার সুযোগ নেই।

খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরকার সাময়িকভাবে তিন মাসের জন্য ৩০ টাকা কেজি দরে চাল দিতে চায়। এটি ইতিবাচক উদ্যোগ। অন্যান্য নিম্ন আয়ের মানুষের মতো পোশাকশ্রমিকদের জন্যও এ ধরনের সহায়তা প্রয়োজন।

তবে তিনি বলেন, ‘মজুরি কোনো মানবিক দাবি নয়, এটি শ্রমিকের আইনগত অধিকার। আর সামাজিক সুরক্ষা হচ্ছে সরকারের মানবিক সহায়তা। এই দু’টি বিষয়কে আলাদাভাবে দেখতে হবে।’

তার মতে, শ্রমিকেরা উৎপাদনে অবদান রাখছেন এবং তাদের উৎপাদনশীলতা অনুযায়ী মজুরি পাওয়া উচিত। আইনে প্রতি তিন বছর পর মজুরি পুনর্নির্ধারণের কথা থাকলেও বিদ্যমান মজুরি কাঠামোয় অনেক অসংগতি ও অসম্পূর্ণতা রয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানও মনে করেন, এ উদ্যোগ শ্রমিকদের সাময়িক স্বস্তি দিতে পারে। তবে মজুরি বাড়ানোর চাপ কমার কারণ নেই।

তিনি আরও বলেন, এ কর্মসূচি তিন মাসের জন্য, আর মজুরি নির্ধারণ হবে তিন বছরের জন্য। তাই দুটিকে একভাবে দেখার সুযোগ নেই। মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনায় সময় লাগতে পারে। এর মধ্যে মূল্যস্ফীতির চাপে থাকা শ্রমিকদের সাময়িক সহায়তা দিতে পারে এ কর্মসূচি।

তবে দীর্ঘ মেয়াদে শ্রমিকদের জন্য রেশনিংয়ের মতো ব্যবস্থা চালু হলে তা মজুরি নির্ধারণের আলোচনায় বিবেচনায় আসতে পারে বলে মনে করেন তিনি।

চাল কিনতেও ভোগান্তির আশঙ্কা

কর্মসূচির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। তার মতে, অনেক পোশাকশ্রমিক সকাল থেকে রাত পর্যন্ত কারখানায় কাজ করেন। এরপর বাসায় ফিরে রান্না ও সংসারের কাজ করতে হয়। এ অবস্থায় নির্দিষ্ট স্থানে গিয়ে লাইনে দাঁড়িয়ে চাল কেনা তাদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হতে পারে।

এ ছাড়া মাত্র ৭৫টি ট্রাকের মাধ্যমে বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে থাকা বিপুলসংখ্যক শ্রমিকের কাছে চাল পৌঁছানো কতটা সম্ভব, তা নিয়েও সংশয় রয়েছে তার। কারখানা পর্যায়ে চাল বিতরণের ব্যবস্থা করা হলে শ্রমিকেরা বেশি সুবিধা পেতেন বলে মনে করেন তিনি।

খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শ্রমিকদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে চাল বিক্রির সিদ্ধান্ত হয়েছে। কারখানা খোলা থাকলে শ্রমিকদের পক্ষে লাইনে দাঁড়িয়ে চাল কেনার সময় বের করা কঠিন হতো।

তবে কোথায় কোথায় চাল বিক্রি করা হবে, তা এখনো জানাতে পারেননি ওই কর্মকর্তা। তাঁর ভাষ্য, ২০ নভেম্বর থেকে কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও এর আগেও শুরু হতে পারে।

সময়ের আলো/টিকে

  বিষয়:   পোশাকশ্রমিক  চালের ভর্তুকি  মালিকদের মজুরি বাড়ানোর চাপ কমাবে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: