প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:১৪ এএম
কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার। ছবি : সময়ের আলোদেশের জ্বালানি সরবরাহ সক্ষমতা বাড়াতে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ১৫ থেকে ২০ বছর মেয়াদে ব্যয় হতে পারে ১২ হাজার ৩২৪ কোটি থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) কাছ থেকে তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
ওমান থেকে আমদানির তিন কার্গোর মধ্যে দুটি দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি এবং একটি স্বল্পমেয়াদি চুক্তির আওতায় আনা হবে। এ জন্য ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে পৃথক তিনটি সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে সম্পাদিত বিদ্যমান চুক্তির আওতায় এ গ্যাস আমদানি করা হবে।
অন্যদিকে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবেও সম্মতি দেওয়ার সুপারিশ করেছে কমিটি। তবে চুক্তির শর্ত অনুযায়ী, উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে সরবরাহের পরিমাণ কমানো কিংবা বাড়ানোর সুযোগ থাকবে।
মালয়েশিয়া থেকে আমদানির ক্ষেত্রে এলএনজির মূল্য নির্ধারণের প্রস্তাবে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম রাখার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য নির্ধারণের বিষয়টি আমদানি ব্যয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
মহেশখালীতে নতুন এফএসআরইউ : এলএনজি আমদানির পাশাপাশি গ্যাস সরবরাহ অবকাঠামো সম্প্রসারণেও বড় বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই)। সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে প্রতিষ্ঠানটির কাছ থেকে দরপ্রস্তাব পাওয়া গেছে।
প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে বাস্তবায়ন ও সংশ্লিষ্ট ব্যয় মিলিয়ে মোট ব্যয় হতে পারে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
নতুন এফএসআরইউ স্থাপিত হলে দেশের এলএনজি গ্রহণ, সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। এর ফলে আমদানি করা এলএনজি জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় যুক্ত করার অবকাঠামোগত সক্ষমতা আরও সম্প্রসারিত হতে পারে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে