ছবি : সংগৃহীত সংরক্ষিত নারী আসনে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে যৌথ তদন্ত চলছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এর আগে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়া নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বাদানুবাদ হয় বিরোধীদলীয় চিফ হুইপের। বিকালে সংসদের বৈঠকের শুরুতেই এ ঘটনা ঘটে। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমেই ছিল প্রশ্নোত্তর পর্ব। তবে পবিত্র কুরআন তিলওয়াতের পর বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান নাহিদ ইসলাম। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তুলে ধরতে চান।
তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করব। প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’ জবাবে নাহিদ বলেন, ‘না, মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’ তখন স্পিকার বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধা ঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি। আপনার বলার যে বিষয় স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নেই, যিনি জবাব দেবেন।’
তখন নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, এটা তো জানি মাননীয় স্পিকার। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’ এর জবাবে স্পিকার বলেন, ‘জবাব আশা করেন না, আচ্ছা বলেন।’ তখন নাহিদ বলেন, ‘আমাদের কথা বলতে যদি দেন, তা হলে থাকি। না হলে থাকব না।’ জবাবে স্পিকার বলেন, ‘আপনার মাইক তো অন আছে।’ এরপর নাহিদ ইসলাম তার বক্তব্য শুরু করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বুধবার রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনার পর পুলিশ সুপারের সঙ্গে কথা বললেও দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক দল যায়নি। ফরেনসিক তদন্ত ছাড়াই দৌলতপুর থানার ওসি কীভাবে পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি বলে মন্তব্য করেন।’
সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকার কোনো ধরনের নিরাপত্তা দিতে না পারলে সেটা আমাদের জানিয়ে দিক।’ তিনি বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তা হলে আমাদের আমাদের পথ দেখতে হবে।’
আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামিতার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, ‘আমরা বর্তমান সরকারের কাছ থেকে কোনো জবাব আশা করি না। দেশের পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই।’
নাহিদের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা অত্যন্ত গুরুতর। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে।’ তিনি বলেন, ‘এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং আমার দৃঢ়বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। বাড়িটি সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে। একতলা টিনশেড আধা-পাকা বাড়িটির আটটি কক্ষের মধ্যে ৫টি পুড়ে গেছে। সেখানে কেউ বসবাস করতেন না। বাড়িটিতে কিছু আসবাবপত্র ও কেয়ারটেকারের জুতা তৈরির সরঞ্জাম ছিল। আগুনে দুটি ছাগলও মরেছে। ওই বাড়ি থেকে ২০ মিটার দূরে তার বাবা-মা একটি তিন তলা বাড়িতে থাকেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, পুলিশ সুপার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্ত চলছে।
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথাও কেউ জানাননি। বাড়িটি পুরনো হওয়ায় বৈদ্যুতিক সংযোগের দুর্বলতা থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে