প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ এএম
ছবি : সংগৃহীতপ্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য অর্জনে তরুণদের নেতৃত্ব, উদ্ভাবন ও জলবায়ু শিক্ষা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা। একই সঙ্গে আন্তঃসীমান্ত দূষণ মোকাবিলা এবং স্বচ্ছ কার্বন বাজার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক আঞ্চলিক সংলাপে বক্তারা এসব কথা বলেন। এতে ২০টির বেশি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ‘জলবায়ু সংকট সমাধানে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ও দূরদর্শিতা এখন তরুণদের রয়েছে। তাদের সফল করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও একাডেমিক সহায়তা প্রদান করা আমাদের দায়িত্ব।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। তিনি দক্ষিণ এশিয়ায় বায়ু ও শিল্পদূষণের সঙ্গে জলবায়ু ঝুঁকির সম্পর্ক তুলে ধরে বিজ্ঞানভিত্তিক নীতিমালা ও সবুজ প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
আলোচনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি যুগমী গিদিয়া জ্বালানি নীতিতে তরুণদের অংশগ্রহণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেন। অন্যদিকে, ফুটস্টেপসের প্রতিষ্ঠাতা শাহ রাফায়েত চৌধুরী নগরের খাল পুনরুদ্ধারে প্রকৃতিনির্ভর সমাধানের অভিজ্ঞতা তুলে ধরেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক রুবাইয়া নাসরিন সেজুতি জলবায়ু শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
সংলাপ শেষে দূষণ নিয়ন্ত্রণে কঠোর মানদণ্ড নির্ধারণ এবং কার্বন অর্থায়নে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার সুপারিশ নিয়ে একটি আঞ্চলিক যুব নীতি প্রস্তাবনা গৃহীত হয়।
সময়ের আলো/এমকে