নাশকতা এড়াতে এবার সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উড়াল সেতু থেকে ককটেল নিক্ষেপ এবং রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি

2026-11-13T06:22:43+00:00
2026-11-13T06:22:43+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
জাতীয়
নাশকতা এড়াতে এবার সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২২ এএম 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উড়াল সেতু থেকে ককটেল নিক্ষেপ এবং রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি গ্রেনেড উদ্ধারের ঘটনা ঘটেছে। এতে সতর্ক অবস্থান নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নাশকতা এড়াতে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচক সূত্র জানায়, দেশে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার মতো নাশকতার ঘটনা ঘটছে। পাশাপাশি শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি যেন না হয় সে জন্য বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না কর্তৃপক্ষ। বিমানবন্দরকে লক্ষ্য করে যাতে কোনো নাশকতা ঘটতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১০ নভেম্বর রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের কাছে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। বেলা ১১টার দিকে এক পথচারী গ্রেনেড দুটি দেখতে পেয়ে বিষয়টি বিমানবন্দর থানার পুলিশকে জানান। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়। পরে গ্রেনেডসদৃশ বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়ার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন। তবে বিমানবন্দরের ফটকের পাশে সার্বক্ষণিক তিন সশস্ত্র এপিবিএন সদস্য দায়িত্ব পালন করলেও কারা বা কখন বস্তু দুটি সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উড়াল সেতু থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে বলে জানায় বিমানবন্দর থানা পুলিশ। এতে কেউ হতাহত হননি। এ ছাড়া রাজধানীর আরও চারটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর বিমানবন্দরকেন্দ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা জারি করে বেবিচক। সংস্থাটির সদর দফতর থেকে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশনা পাঠানো হয়। বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় সার্বক্ষণিক টহল, নজরদারি এবং সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।


বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, শাহজালাল বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণ এবং শাহ মখদুম বিমানবন্দরের বাইরে গ্রেনেড পাওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে নেওয়া হয়েছে। তিনি বলেন, শাহজালালে ককটেল বিস্ফোরণের পর একটি বৈঠক করা হয়। বিমানবন্দরের বহিরাঙ্গনের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন ও বিমানবন্দর থানাকে ওই এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপর থেকে সেখানে ২৪ ঘণ্টা নজরদারি চলছে। থানা পুলিশের পাশাপাশি এপিবিএনও এ বিষয়ে কাজ করছে। রাজশাহীর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গ্রেনেড পাওয়ার স্থানটি বিমানবন্দরের বাইরের অংশ। ওই এলাকা বিমানবন্দরের আওতাধীন নয়। তারপরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। সেখানে পুলিশি টহল বাড়ানোর জন্য বলা হয়েছে।

আসিফ ইকবাল বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় নিয়মিত ব্যবস্থা রয়েছে। তবে কোনো আন্দোলন বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়ানো হয়। এ জন্য ক্রাইসিস রেসপন্স টিমও সবসময় প্রস্তুত থাকে।

বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো বিমানবন্দরের বাইরের এলাকায় ঘটেছে। কিছুদিন আগেই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিট সম্পন্ন হয়েছে। বর্তমানে দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে রয়েছে।

তবে অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের নিরাপত্তা শুধু সীমানা প্রাচীরের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর আশপাশের এলাকাও নিরাপত্তার আওতায় আনতে হবে। কারণ বিমানবন্দর-সংলগ্ন এলাকায় কোনো নাশকতার ঘটনা ঘটলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তা বিমানবন্দরকেন্দ্রিক ঘটনা হিসেবে প্রচার পেতে পারে। এতে দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক বিমান চলাচল খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

অ্যাভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, বিমানবন্দরের বাইরে কোনো ঘটনা ঘটলেও এর প্রভাব বিমানবন্দরের ওপর পড়ে। দেশের ভাবমূর্তি রক্ষায় নিয়ম অনুযায়ী বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার পাশাপাশি বাইরের এলাকাও সুরক্ষিত রাখা জরুরি। অ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, বিমানবন্দরকেন্দ্রিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যাতে কোনো নেতিবাচক বার্তা না যায়, সে জন্য বেবিচকের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া উচিত। সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   নাশকতা  সব বিমানবন্দর  বাড়তি সতর্কতা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: