প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৫০ এএম
প্রতীকী ছবিসফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। কবে এই পরিস্থিতির উন্নতি হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, আদালতের আদেশ, দুইবার ভোটার হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে দুটি এনআইডি লক করে দেয়— এটিকে আমরা বলি ডুপ্লিকেট ভোটার। আবার অন্যের সঙ্গে বায়োমেট্রিক মিলে গেলেও এনআইডি লক হয়ে থাকে। এটিকে আমরা মিসম্যাচ বলি। এ ছাড়া কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীও এনআইডি লক করে রাখা হয়।
নাগরিকের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ দলিল জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। অথচ নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে নানা জটিলতায় লক হয়ে আছে প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি। ফলে সিম কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি কেনাবেচা ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন জরুরি সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন এসব নাগরিক। দীর্ঘদিনেও সমস্যার সমাধান না হওয়ায় তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার প্রশ্নও উঠেছে। এ পরিস্থিতিতে এনআইডি-সংক্রান্ত জটিলতা নিরসনে মাঠপর্যায়ে বিশেষ সফটওয়্যার চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে। বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছে তাদেরটা আনলক করে দিচ্ছি।
ইসি সূত্রে জানা যায়, ইসির ডাটাবেজে যে, ৩৫ হাজার এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে সিংহভাগই দুইবার ভোটার হওয়ার কারণে লক করা হয়েছে। এ ছাড়া আদালতের আদেশ, দুদকের মামলা চলমান থাকা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে অনেকের এনআইডি লক করা হয়েছে।
এসব এনআইডি কীভাবে আনলক করা হবে এবং কতদিন ধরে লক রয়েছে, জানতে চাইলে তারা জানান, কতদিন ধরে এনআইডিগুলো লক রয়েছে, তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। কারণ এ ধরনের এনআইডির সংখ্যা অনেক। তবে যেসব নাগরিক লকড এনআইডি নিয়ে আমাদের এখানে (ঢাকা নির্বাচন ভবন) আসেন, সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে দুবার এনআইডি গ্রহণের ঘটনা সামনে আসে। সে ক্ষেত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দেওয়া হয়।
সময়ের আলো/প্রিন্ট/এমকে