প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:২২ এএম
ছবি : সংগৃহীত দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা অংশ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের কার্যক্রম আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
এ প্রশিক্ষণে অংশ নিতে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞানের পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (http://www.dzaiproject.com/apply?utm_source=chatgpt.com) প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের পর আবেদন করার সুযোগ বন্ধ হয়ে যাবে। আবেদন সফলভাবে জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।
এ প্রশিক্ষণে অংশ নিতে কোনো ভর্তি ফি দিতে হবে না। পাশাপাশি অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। নির্ধারিত শর্ত পূরণ করে প্রশিক্ষণ সফলভাবে শেষ করলে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সময়ের আলো/এসএকে