প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম আপডেট: ১৩.১১.২০২৬ ৪:২২ পিএম
গ্রাফিক : সময়ের আলো দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১৯ জন।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৮১, সিলেটে ২৪১, বরিশালে ১৪০, ময়মনসিংহে ৮২, খুলনায় ৭৮, রাজশাহীতে ৩৯ এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ২৮ জনের।
সময়ের আলো/এমকে