প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম আপডেট: ১৩.১১.২০২৬ ৮:৫৭ পিএম
বিদেশি ভাষা শেখার আগ্রহ সীমিত। ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি পড়ানো হলেও ভাষাটিতে যোগাযোগের দক্ষতা অর্জন করতে পারছেন না অধিকাংশ শিক্ষার্থী। অন্য বিদেশি ভাষা শেখার আগ্রহও সীমিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশের মাত্র ৭ দশমিক ০৬ শতাংশ মানুষ বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় দক্ষ। অর্থাৎ ৯২ দশমিক ৯৪ শতাংশ মানুষেরই দ্বিতীয় ভাষায় দক্ষতা নেই।
বিবিএসের আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ অনুযায়ী, দ্বিতীয় ভাষা জানা মানুষের মধ্যে ৬ দশমিক ১০ শতাংশ ইংরেজিতে দক্ষ। অন্যান্য বিদেশি ভাষা জানেন মাত্র ০ দশমিক ১৭ শতাংশ মানুষ। বিভাগভিত্তিক হিসাবে ইংরেজি জানার ক্ষেত্রে এগিয়ে ঢাকা। এ বিভাগে ১১ দশমিক ২০ শতাংশ মানুষ ইংরেজিতে যোগাযোগ করতে পারেন। ময়মনসিংহে এ হার ৭ দশমিক ৪১ শতাংশ।
এ পরিস্থিতিতে দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের সুযোগ বাড়াতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে দক্ষ শিক্ষক, প্রশিক্ষণ, পাঠ্যক্রম ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব এ উদ্যোগ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষাবিদদের মতে, ইংরেজি শিক্ষায় ব্যাকরণ, শব্দার্থ ও পরীক্ষার ফলাফলের ওপর বেশি গুরুত্ব দেওয়ায় শিক্ষার্থীদের শোনা ও বলার দক্ষতা তৈরি হচ্ছে না। ফলে দীর্ঘদিন পড়াশোনা করেও বাস্তব পরিস্থিতিতে ভাষাটি ব্যবহারে সমস্যায় পড়ছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির বলেন, ‘ইংরেজি জানায় ঘাটতির মূল কারণ দক্ষ শিক্ষকের সংকট এবং শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতি।’
অন্যদিকে, মধ্যপ্রাচ্য, জাপান ও মালয়েশিয়ার শ্রমবাজারে ভালো কর্মসংস্থানের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা জানা গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে এক কোটির বেশি বাংলাদেশি কর্মরত থাকলেও তাদের বড় অংশের স্থানীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা নেই।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, দক্ষ শিক্ষক তৈরি, প্রশিক্ষণ এবং বিদ্যালয়ে ভাষা শিক্ষা ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে ইংরেজিসহ অন্যান্য ভাষায় ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সময়ের আলো/এমকে