গ্রাফটিং-মালচিং পদ্ধতিতে খুলছে কৃষকের ভাগ্য

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে মালচিং পেপার ও গ্রাফটিং পদ্ধতির সংমিশ্রণে টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। দুটি পদ্ধতি একসঙ্গে ব্যবহার করে গ্রীষ্মকালীন

2026-11-20T14:49:09+00:00
2026-11-20T14:51:34+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
গ্রাফটিং-মালচিং পদ্ধতিতে খুলছে কৃষকের ভাগ্য
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ২০.১১.২০২৬ ২:৫১ পিএম
কমলগঞ্জে দুটি পদ্ধতি একসঙ্গে ব্যবহার করে গ্রীষ্মকালীন ও শীতকালীন টমেটো চাষ করছেন কৃষকরা। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে মালচিং পেপার ও গ্রাফটিং পদ্ধতির সংমিশ্রণে টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। দুটি পদ্ধতি একসঙ্গে ব্যবহার করে গ্রীষ্মকালীন ও শীতকালীন টমেটো চাষ করছেন। পাশাপাশি মালচিং পেপার পদ্ধতিতে বিভিন্ন সবজি চাষ করছেন। সরকারি সহযোগিতা পেলে ব্যাপকভাবে এসব পদ্ধতির মাধ্যমে গ্রীষ্মকালীন টমেটো চাষ করা সম্ভব বলে জানান চাষিরা।

মালচিং পেপার এমন একটি কৃষিপদ্ধতি, যেখানে চাষের আগে জমিতে বিশেষ ধরনের পেপার বিছিয়ে দেওয়া হয়। এতে আগাছা, সরাসরি সূর্যের তাপ ও বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল সুরক্ষিত থাকে। একবার বিছানো মালচিং পেপার ব্যবহার করে কয়েক দফা ফসলও উৎপাদন করা সম্ভব।

অন্যদিকে, গ্রাফটিং পদ্ধতিতে বন বেগুন বা তিতা বেগুনের শক্ত কাণ্ডের সঙ্গে টমেটো গাছের অংশ জোড়া লাগানো হয়। এতে টমেটো গাছের শিকড়ের শক্তি বাড়ে, রোগের প্রবণতা কমে এবং ফলন বৃদ্ধি পায়। কমলগঞ্জের কৃষকরা প্রথম এ পদ্ধতি ব্যবহার শুরু করে সফলতা পেয়েছেন।

টমেটো চাষিরা জানান, এখানকার কৃষকেরা লাখ লাখ টাকা খরচ করে চারা গ্রাফটিং করেন। এসব চারা বিভিন্ন জায়গায় বিক্রি করেন। মালচিং পেপারের মধ্যে গ্রাফটিং টমেটো চারা রোপণ করা হয়। ৩০ শতক জমিতে টমেটো চাষ করতে ৩-৪ লাখ টাকা খরচ হয়। তবে আবহাওয়া অনুকূলে থাকলে অনেক ভালো ফসল উৎপাদন হয়। অনেক কৃষক আছেন ৪ থেকে ৫ একর জায়গাজুড়ে টমেটো চাষ করছেন। একেকটি টমেটো খেতে প্রতিদিন গড়ে ৬-৭ জন শ্রমিক সবসময় কাজে নিয়োজিত থাকতে হয়। এই গ্রাফটিং পদ্ধতিতে টমেটো ব্যাপকভাবে চাষ হলে গ্রীষ্মকালেও বাজারে ব্যাপকভাবে টমেটো পাওয়া যেত। যা বাংলাদেশে সবজির বাজারে নতুন মাইলফলক হত।

সরেজমিনে দেখা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর, মাধবপুর ও সদর ইউনিয়নে কৃষক মালচিং পেপার এবং গ্রাফটিং পদ্ধতির সংমিশ্রণে গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন। পাশাপাশি ব্যাপকভাবে শীতকালীন টমেটো চাষ করছেন। গ্রীষ্মকালীন টমেটো চাষে খরচ বেশি হলেও বাজারে অনেক ভালো দাম পাওয়া যায়। শুরুর দিকে কৃষকেরা প্রতি কেজি টমেটো ১০০ টাকা পাইকারি বিক্রি করেছেন। এখন বাজার অনুযায়ী ৫০-৬০ টাকা করে বিক্রি করছেন। তবে গ্রাফটিং পদ্ধতিতে বেশিরভাগ কৃষক সফল হলেও কিছু কৃষকের গাছ ফসল ধরার সময় পোকার আক্রমণে গাছ মরে যাচ্ছে। এতে করে কৃষি বিভাগের কোনো সহযোগিতা পাননি কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলায় গ্রীষ্মকালীন টমেটো প্রায় ২১ হেক্টর চাষ হয় যা প্রতি হেক্টরে গড়ে ৩০ টন ফসল উৎপাদন হয়। শীতকালীন ১ হাজার ২২১ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়। প্রতি হেক্টরে ৩০-৩৫ টন ফসল উৎপাদন হয়। গ্রীষ্মকালীন বারি টমেটো-৮ সারা বছর চাষ করা যায়। বন বেগুন বা কাটা বেগুনের সঙ্গে কলম উপযোগী। গ্রাফটিং করা চারায় প্রচুর উৎপাদন হয় ফসল। এই পদ্ধতিতে গত ৫-৬ বছর ধরে কৃষকেরা টমেটো চাষ করছেন।

কমলগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর গ্রামের কৃষক মো. রাকিব, মো. লিটন মিয়া বলেন, আমরা লাখ লাখ টাকা খরচ করে টমেটোসহ বিভিন্ন সবজি চাষ করি। আমাদের হাড়ভাঙা খাটুনি, অর্থ সবকিছু যায়। পোকার আক্রমণে টমেটো গাছ নষ্ট হয়। তবে কৃষি অফিস থেকে কোনো পরামর্শ দেওয়া হয় না বা মাঠ পরিদর্শন করতে কেউ আসেন না।


টমেটো চাষি আব্দুস সালাম বলেন, মালচিং পেপারের ওপর গ্রাফটিং চারা রোপণ করা হয়। মালচিং পেপার দিলে মাটি ঢেকে রাখে। আগাছা জন্মায় না, রোপণকৃত ফসলের গাছ দ্রুত বড় হয়। মালচিং ও গ্রাফটিং পদ্ধতির সংমিশ্রণে দারুণভাবে সফলতা আসছে টমেটোসহ কৃষিতে।

আদমপুর ইউনিয়নের টমেটো চাষি গিয়াস উদ্দিন বলেন, মালচিং পেপারে প্রায় ২ একর জায়গায় গ্রীষ্মকালীন টমেটো চাষ করছি। ফলন ভালো হয়েছে। তবে অনেক টাকা খরচ হয়েছে। গ্রাফটিং পদ্ধতিতে চারা রোপণ করেছি। গত ৪-৬ বছর ধরে এই পদ্ধতিতে আমরা টমেটো চাষ করি।

গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন আতিকুর রহমান। তিনি বলেন, এ বছর আমি ১৫ হাজার চারা গ্রাফটিং করে মালচিং পদ্ধতিতে রোপণ করেছিলাম। এতে ১২ লাখ টাকা খরচ হয়েছে। গত ১৫ দিন ধরে টমেটো বিক্রি করছি। টমেটো চাষে প্রচুর খরচ। আশা করি ৩০ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবো। এখন প্রতি কেজি টমেটো ৬০ টাকা করে বিক্রি করছি।

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, তিতা বেগুনের শিকড়ের সঙ্গে বারি টমেটো-৮ এর অংশ লাগিয়ে গ্রাফটিং করা হয়। গ্রাফটিং করতে হলে একই জেনেটিক হতে হবে। তিতা বেগুন ও টমেটোর একই জেনেটিক, এজন্য গ্রাফটিং করা যাচ্ছে। এই পদ্ধতি ব্যাপকভাবে বিস্তার হলে বাজারে সারা বছর আমাদের উৎপাদনকৃত টমেটো পাওয়া যাবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   গ্রাফটিং-মালচিং পদ্ধতি  কৃষক  কমলগঞ্জ  মৌলভীবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: