প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:২৬ এএম
প্রতীকী ছবিরাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার করিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী। শেষ রাতে বাড়ির পাশে শব্দ শুনে তার ছেলে নবাব আলীর ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তিনি বাড়ির প্রধান ফটক খোলা দেখতে পান। এ সময় ঘরে মাকেও খুঁজে পাননি তিনি।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে শেফালী বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন তার ছেলে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এমকে