প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ এএম
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের মাঠে বস্তুটি নিষ্ক্রিয় করা হয় । ছবি : সংগৃহীতপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে পাওয়া লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোম্ব ডিসপোজাল ইউনিট। বস্তুটির ধ্বংসাবশেষ থেকে লোগোসংবলিত আট দফা দাবির একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের মাঠে নিরাপদ স্থানে নিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়।
এসআরবি ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের কর্মচারীরা লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। পরে এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
এসআরবি নীলফামারী-১৩-এর সহকারী পুলিশ সুপার তৌহিদ জানান, জেলা ও পুলিশ প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে তারা একটি টহল দল পাঠান। পরে প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুটি উদ্ধার করে নিরাপদে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন।
তিনি বলেন, এটি আইইডি বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। স্থানীয়ভাবে তৈরি হাতে বানানো অপ্রচলিত বিস্ফোরক এটি। তবে এটি তেমন ক্ষতিকর ছিল না।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ভোরের দিকে তারা বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষার পর এটিকে ছোট বোমা হিসেবে শনাক্ত করেন। বস্তুটির ভেতরে পাওয়া চিঠিটি নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এতে গোপনীয় কিছু বিষয় থাকায় আপাতত তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, কার্যালয়ের সিসিটিভি ফুটেজে চাদরে জড়ানো এক ব্যক্তিকে দেখা গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় জেলা প্রশাসন ও এসআরবির পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে। তবে আট দফা দাবির স্মারকলিপিটি কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সময়ের আলো/এসকে