
গোপালগঞ্জে আন্দোলন ও নিরাপত্তা শঙ্কার প্রভাব পড়েছে খুলনা-ঢাকা রুটের বাস ও ট্রেন চলাচলে। গোপালগঞ্জের পথ দিয়ে বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প রুটে ঢাকায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন খুলনার পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। অন্যদিকে, আন্দোলনের কারণে মুকসুদপুর-ভাঙ্গা জংশন এলাকায় আটকে পড়েছে ঢাকা থেকে বেনাপোলগামী জাহানাবাদ এক্সপ্রেস। এতে ট্রেনটির বৃহস্পতিবারের ফিরতি যাত্রা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় খুলনা রেলস্টেশনের স্টেশনমাস্টার জাকির হোসেন জাহানাবাদ এক্সপ্রেসের ফিরতি ট্রিপ বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায় ৮২৫ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস। দুপুর ১২টার দিকে ট্রেনটি মুকসুদপুর-ভাঙ্গা জংশন এলাকায় পৌঁছালে আন্দোলনের কারণে আটকে পড়ে। এতে নির্ধারিত সময়ে বেনাপোলে পৌঁছানো সম্ভব হয়নি।
ট্রেনটির বেনাপোল থেকে দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঢাকা থেকে আসার পথে আটকে পড়ায় নির্ধারিত সময়ে ফিরতি যাত্রা শুরু করতে পারেনি। এ কারণে বৃহস্পতিবারের ফিরতি ট্রিপ বাতিল করা হয়েছে।
স্টেশনমাস্টার আরও জানান, জাহানাবাদ এক্সপ্রেসের ফিরতি যাত্রা বাতিল হলেও খুলনা থেকে অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। খুলনা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকাগামী ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
এদিকে, নিরাপত্তা শঙ্কায় মঙ্গলবার থেকে গোপালগঞ্জ হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বাস চলাচল স্বাভাবিক করতে বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানান, দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ট্রাফিক বিভাগের কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, গোপালগঞ্জ হয়ে বাস চলাচলের ক্ষেত্রে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ওই পথে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বৈঠকে আলোচনা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাস চলাচল চালুর পরামর্শ দেওয়া হয়। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ এড়িয়ে বিকল্প পথে বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, খুলনা থেকে যশোর, মাগুরা ও আরিচা হয়ে ঢাকায় বাস চলাচল করবে।
সময়ের আলো/এসকে