প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৪৩ এএম
এনসিপির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার । ছবি : সংগৃহীতজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের গ্রামের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় বাড়িতে মাহিনের অসুস্থ বাবা-মাসহ পরিবারের সদস্যরা ছিলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেট্রোল বোমাটি বাড়ির প্রবেশপথে বিস্ফোরিত হয়ে আগুনের সৃষ্টি করে। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাড়িঘর কিংবা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন।
এ ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে মাহিন সরকার অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে তাঁর মুমূর্ষু বাবা ও মা অসহায় অবস্থায় থাকেন উল্লেখ করে তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ নাশকতার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।
সময়ের আলো/এসকে