গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়গুলোতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে । ছবি : সংগৃহীতদেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়গুলোতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত ১০ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৪০টি জেলায় ব্যাংকটির ৭২টি কার্যালয় হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় ৩৩টি কার্যালয়ে পেট্রোল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ২৩টি। জেলা হিসেবে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে গোপালগঞ্জে, আটটি। ছয়টি ঘটনা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর।
গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের তৈরি একটি নোটে এসব তথ্য উঠে এসেছে। ব্যাংকটির নিজস্ব পর্যবেক্ষণ অনুযায়ী, যেসব দিন এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল। গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহিংসতার মধ্য দিয়ে এসব ঘটনার সূচনা হয়। এরপর আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
ব্যাংকটির নিরীক্ষা প্রতিবেদনের তথ্য বলছে, ৭২টি হামলার মধ্যে ৪৯টি ঘটনাই ঘটেছে গত মঙ্গল ও বুধবার। এর মধ্যে বুধবার রাতেই ৩০টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ঘটেছে আরও ১৯টি। অর্থাৎ দুদিনের মধ্যেই মোট ঘটনার বড় একটি অংশ সংঘটিত হয়েছে।
এর আগে ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
শুধু গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখাগুলোই নয়, হামলার শিকার হয়েছে কয়েকটি এরিয়া অফিস ও জোনাল অফিসও। এর মধ্যে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয় রয়েছে।
হামলার ধরনে আগুন ও বিস্ফোরক : গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় হামলার ধরন সম্পর্কেও বিস্তারিত তথ্য উঠে এসেছে। পেট্রোল ঢেলে আগুন দেওয়া এবং পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপের পাশাপাশি আরও বিভিন্ন পদ্ধতিতে কার্যালয়গুলোতে হামলা চালানো হয়েছে।
নিরীক্ষার নথিতে বলা হয়েছে, সাতটি ঘটনায় হামলাকারীরা কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি।
একইভাবে কয়েকটি ঘটনায় কার্যালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করা হয়। এ ছাড়া তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় প্যাঁচিয়ে আগুন ধরানো হয়েছে। দুটি ঘটনায় কেরোসিন ব্যবহার করা হয়েছে। অন্য একটি ঘটনায় পেট্রোল ঢেলে টায়ারে আগুন দেওয়া হয় এবং আরেকটি ঘটনায় কার্যালয় লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের সম্পদ ও অবকাঠামোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
অধিকাংশ ঘটনায় থানায় অভিযোগ নেই : হামলা ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর পর আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও ঘাটতির চিত্র উঠে এসেছে গ্রামীণ ব্যাংকের নিজস্ব নিরীক্ষায়।
নথি অনুযায়ী, সাতটি ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে ৪৮টি ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি। এর মধ্যে ১২টি ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এত বিপুলসংখ্যক হামলার ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে আনুষ্ঠানিক অভিযোগ না হওয়ার বিষয়টি আইনগত পদক্ষেপের অগ্রগতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
ব্যাংকের সম্পদ নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র মানুষের নিরাপত্তা : ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনা বা সম্পদের ক্ষতি নয়; এর প্রভাব সরাসরি পড়ছে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা ও জীবন-জীবিকার ওপর।
ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা গ্রাহক ও সদস্যদের আস্থা এবং প্রতিষ্ঠানের অর্জনও এসব হামলার কারণে হুমকির মুখে পড়ছে। দরিদ্র মানুষের আর্থিক সেবার সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানে কার স্বার্থে হামলা চালানো হচ্ছে, সে প্রশ্নও তুলেছে কর্তৃপক্ষ।
ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ব্যাংকের শাখা কার্যালয়, কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মালিকানা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান : গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়েও বিভিন্ন মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার কিংবা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিকানা ও কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের তথ্যের বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ব্যাংকটি।
যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে গ্রামীণ ব্যাংক বলেছে, প্রতিষ্ঠান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানতে হলে নিকটস্থ শাখা কার্যালয় অথবা ব্যাংকের অনুমোদিত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা উচিত।
সময়ের আলো/প্রিন্ট/এসকে