প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ এএম
বগুড়ার ধুনট উপজেলা বাজার এলাকায় কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে । ছবি : সংগৃহীতবগুড়ার ধুনটে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধুনট উপজেলা বাজার এলাকায় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে কার্যালয়ের সামনে বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা গিয়ে সড়কে জ্বলন্ত টায়ার এবং বিস্ফোরণের আলামত দেখতে পান। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার নিন্দা জানিয়ে ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ বলেন, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারা। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আপেল মাহমুদ বলেন, ধুনট উপজেলা বিএনপি সব সময় নাশকতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সোচ্চার। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মীরাও মাঠে থাকবেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে সড়কে ককটেল ও পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পলিথিনে মোড়ানো একটি বস্তু পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি।
সময়ের আলো/এসকে