ক্যান্সার চিকিৎসায় শহর-গ্রামের বৈষম্য দূর করার আহ্বান ডা. জুবাইদার

আইয়ুব খসরু

জাতীয়

ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় দেশের নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা.

2026-11-20T17:55:39+00:00
2026-11-20T17:55:39+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়
ক্যান্সার চিকিৎসায় শহর-গ্রামের বৈষম্য দূর করার আহ্বান ডা. জুবাইদার
আইয়ুব খসরু
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম 
ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত
ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় দেশের নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, অর্থনৈতিক অসচ্ছলতা, বসবাসের স্থান কিংবা সামাজিক সীমাবদ্ধতার কারণে কোনো নারী যেন ক্যান্সারের চিকিৎসা থেকে বঞ্চিত না হন। প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো কার্যকর চিকিৎসার সুযোগ সবার জন্য সহজলভ্য করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ ক্যান্সার কংগ্রেস ১৯ নভেম্বর শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সম্মেলন শেষ হবে। এতে ৪০ জন বিদেশি বিশেষজ্ঞসহ প্রায় এক হাজার ক্যান্সার বিশেষজ্ঞ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবী অংশ নিচ্ছেন। সম্মেলনে ক্যান্সার প্রতিরোধ, রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হচ্ছে।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী। মা ও বোনদের প্রাণঘাতী ক্যান্সারের ঝুঁকি থেকে সুরক্ষায় কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রতিরোধযোগ্য ক্যান্সার প্রতিরোধ, রোগ দ্রুত শনাক্ত করা, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং চিকিৎসা ব্যয়জনিত দুর্ভোগ কমানোকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, শহর ও গ্রামের বিপুলসংখ্যক নারী নীরবে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। পরিবারের অন্যান্য প্রয়োজনকে গুরুত্ব দিতে গিয়ে অনেক নারী নিজের স্বাস্থ্যসেবাকে পিছিয়ে রাখেন। ফলে রোগ শনাক্ত হতে দেরি হয় এবং চিকিৎসার সুযোগও সীমিত হয়ে পড়ে। এ পরিস্থিতি পরিবর্তনে নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরীক্ষা এবং চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণ জরুরি।

ডা. জুবাইদা রহমান বলেন, একজন নারীর জীবন রক্ষার সুযোগ তার বসবাসের এলাকা দিয়ে নির্ধারিত হতে পারে না। দেশের প্রত্যেক মানুষের মর্যাদা ও সম্মানের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। তাই শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নারীদের জন্য মানসম্মত ক্যান্সার চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।


নারীদের ক্যান্সার প্রতিরোধে স্কুল-কলেজের ভেতরে এবং বাইরে মেয়েদের জন্য টিকাদান কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদেরও ক্যান্সার স্ক্রিনিংয়ের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় নেওয়া উদ্যোগগুলোর কার্যকারিতা পরিমাপের জন্য নির্দিষ্ট সূচক নির্ধারণের প্রস্তাবও দেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, কতজন মেয়েশিশুকে টিকার আওতায় আনা হয়েছে, কতজন নারী স্ক্রিনিং করেছেন, কতজনের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছে, কতজন সময়মতো চিকিৎসা পেয়েছেন এবং কত পরিবার চিকিৎসার অসহনীয় ব্যয়ের চাপ থেকে সুরক্ষা পেয়েছে—এসব বিষয় বিবেচনায় নিয়ে সাফল্য মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে শুধু চিকিৎসাব্যবস্থা সম্প্রসারণ করলেই হবে না; প্রতিরোধ, সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ ও আর্থিক সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে। নারীদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মধ্য দিয়েই ক্যান্সারজনিত মৃত্যুঝুঁকি ও দুর্ভোগ কমানো সম্ভব।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ক্যান্সার  চিকিৎসা  শহর  গ্রাম  ডা. জুবাইদা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: