প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:১১ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ৫:২৩ পিএম
ছবি : সংগৃহীত রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন টেলিভিশনটির সাংবাদিকেরা। তাদের অভিযোগ, হামলার পর কার্যালয়ের ভেতরে সাংবাদিক ও কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে এক সাংবাদিক অভিযোগ করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। হামলাকারীরা ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়ায় তারা নিচে নামতে পারছেন না। লিফটও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
লাইভে ওই সাংবাদিক বলেন, ‘আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে।’
হামলাকারীরা টেলিভিশনটির দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে গেছেন বলেও লাইভে অভিযোগ করা হয়।
এ পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন টেলিভিশনটির সাংবাদিকেরা। পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সরাসরি সম্প্রচারে পুলিশ সদস্যদের ভবনের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও পাওয়া যায়নি।
সময়ের আলো/জেডি