প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:২২ এএম
ছবি : সংগৃহীত গঙ্গা নদীর পানি বণ্টন তদারকিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে চার সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় এসেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশে পৌঁছান প্রতিনিধিদলের সদস্যরা। শনিবার (২১ নভেম্বর) থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন। আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির বর্তমান মেয়াদ বাড়ানো বা নতুন করে চুক্তি করার বিষয়ে আলোচনা করার এখতিয়ার এই প্রতিনিধিদলের নেই।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুক্তিটি নবায়ন করা হবে, নাকি নতুন চুক্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে এর মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের।
এদিকে বাংলাদেশ বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। প্রস্তাবিত নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট শর্ত অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সময়ের আলো/এসএকে