সশস্ত্র বাহিনী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১৯৭১ সালের ২১ নভেম্বর, স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ মোড় বা টার্নিং পয়েন্ট। যেদিন প্রথমবারের মতো জল, স্থল ও আকাশপথ— এই তিন

2026-11-21T05:42:13+00:00
2026-11-21T05:42:13+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
জাতীয়
সশস্ত্র বাহিনী দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৪২ এএম 
সংগৃহীত ছবি
১৯৭১ সালের ২১ নভেম্বর, স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ মোড় বা টার্নিং পয়েন্ট। যেদিন প্রথমবারের মতো জল, স্থল ও আকাশপথ— এই তিন দিক থেকে একসঙ্গে আঘাত হানা হয় পাকিস্তানি ঘাঁটিগুলোতে। আর তাতেই শুরু হয় বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ। যা মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধের স্তর পেরিয়ে রূপ নিয়েছিল প্রথাগত ও সম্মিলিত সামরিক অভিযানে। আর এই ঐক্যবদ্ধ আক্রমণ মুক্তিযুদ্ধের গতিকে বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। যাতে দিশাহারা হয়ে পড়ে পাকিস্তানি সেনারা। অবশেষে ১৬ ডিসেম্বরের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকা এবং বিশ্ব শান্তি ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমের অঙ্গীকার নতুন করে ঝালিয়ে নিতে দিনটি পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। আজ সেই ২১ নভেম্বর।

শনিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আইএসপিআর জানায়, দিবসের কর্মসূচি শুরু হবে ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হবে। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বাহিনী প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

অন্যদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এ ছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন দেশের কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহিদ সেনাসদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

ঢাকার পাশাপাশি সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইএসপিআর আরও জানায়, দিবসটি উপলক্ষে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটবর্তী ঘাটে নোঙর করে রাখা হবে।

অন্যদিকে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরতে শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতারে প্রচারিত হবে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান। ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে সম্প্রচার করা হবে। 

এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয়েছে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এ ছাড়া আজ শনিবার ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকার নির্দিষ্ট সড়ক দিয়ে সাধারণ যানবাহন চলাচল পরিহারের অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন এটাই জাতির প্রত্যাশা। 

এ ছাড়া এ দিনে আমি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আরেক বাণীতে ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ৭১-এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে। বিশ্ব শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বাড়িয়েছে।

এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় এবং ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত বলে দেওয়া বাণীতে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

তিনি বলেন, এই ২১ নভেম্বর আমাদের মুক্তিসংগ্রাম ও বিজয়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল স্মারক। ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি পেশাদার, দক্ষ, শক্তিশালী ও জনআস্থাভাজন সশস্ত্র বাহিনীই পারে জাতিকে নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দিতে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   একাত্তরে বিজয়  টার্নিং পয়েন্ট  ২১ নভেম্বর  সশস্ত্র বাহিনী দিবস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: