আইসিজের রায় শুনে কাঁদলেন রোহিঙ্গারা

কায়সার হামিদ মানিক, উখিয়া

জাতীয়

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন

2026-11-21T01:01:00+00:00
2026-11-21T01:01:00+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
জাতীয়
আইসিজের রায় শুনে কাঁদলেন রোহিঙ্গারা
কায়সার হামিদ মানিক, উখিয়া
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:০১ এএম 
সংগৃহীত ছবি
নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে জড়ো হয়েছিলেন হাজারো রোহিঙ্গা। বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পের বিভিন্ন স্থানে টেলিভিশন ও বড় পর্দায় আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। রায় পাঠের সময় অনেক রোহিঙ্গার চোখে ছিল জল। কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন, কেউ দুহাত তুলে মোনাজাত করেন।

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচারিক স্বীকৃতি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। তাদের প্রত্যাশা, এই রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়বে। একই সঙ্গে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নিজ দেশে ফেরার পথ সুগম হবে।

রোহিঙ্গাদের কাছে এই রায় কেবল আন্তর্জাতিক আদালতের একটি সিদ্ধান্ত নয়; ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানে স্বজন হারানো, বাড়িঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এবং দীর্ঘদিনের শরণার্থী জীবনের অবসানের প্রত্যাশার সঙ্গেও জড়িয়ে আছে ঐতিহাসিক এই রায়।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটে দ্য হেগের পিস প্যালেসে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া মামলার রায় পাঠ শুরু করেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের আয়োজন করা হলে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে বড় পর্দায় তা দেখতে রোহিঙ্গাদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের হত্যা, ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম সহিংসতা চালানোর অভিযোগের বিষয়গুলো উঠে আসে। রায় পাঠের সময় বিচারপতি ইওয়াসাওয়া বলেন, আদালত পুরোপুরি নিশ্চিত যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ সংঘটিত করেছে।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ডা. মোহাম্মদ জুবায়ের বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে তারা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতন ও গণহত্যার স্বীকৃতি মিলেছে বলে তারা মনে করছেন। তবে তাদের মূল প্রত্যাশা নিজ দেশে ফিরে যাওয়া।

তিনি বলেন, ‘এখন আমরা মিয়ানমারে ফিরে যেতে চাই। সেখানে আমাদের জন্য নিরাপদে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে দিলে আমরা নিজ দায়িত্বে ফিরে যাব। আমাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ।’

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, প্রায় এক দশক ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আইসিজের রায় নিয়ে তারা আশাবাদী। অনুকূল এই রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিজ দেশে ফেরার পথ তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, আইসিজের রায়কে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল জোরদার করা হয়। রোহিঙ্গারা যেন শান্তিপূর্ণভাবে আদালতের কার্যক্রম দেখতে পারেন, সে বিষয়েও নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করেছে।

প্রসঙ্গত ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলাটি করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির চূড়ান্ত রায় দেওয়া হয়।

রোহিঙ্গা সংকটের পটভূমি
১৯৪৮ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ শাসন থেকে বার্মা (বর্তমান মিয়ানমার) স্বাধীন হওয়ার পর দেশটির অনেক রোহিঙ্গা নাগরিকত্বের স্বীকৃতি ও সরকারি পরিচয়পত্র পেয়েছিলেন। তারা ভোটাধিকারও ভোগ করতেন এবং দেশটির সংসদীয় রাজনীতিতে অংশ নিয়েছিলেন।

১৯৬২ সালে জেনারেল নে উইন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। রোহিঙ্গাদের নাগরিকত্ব, পরিচয়পত্র ও মৌলিক অধিকার সংকুচিত হতে থাকে।

১৯৭৮ সালে সামরিক সরকার অবৈধ অভিবাসী শনাক্ত করার নামে ‘অপারেশন নাগামিন’ শুরু করে। এ সময় রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গ্রেফতার, হয়রানি ও উচ্ছেদের ঘটনা ঘটে। ফলে প্রায় দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।

১৯৮২ সালে নতুন নাগরিকত্ব আইন প্রণয়ন করে মিয়ানমার সরকার। এতে সরকার স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে অনেক রোহিঙ্গা নাগরিকত্ব প্রমাণ করতে পারেননি এবং কার্যত রাষ্ট্রহীন হয়ে পড়েন।

১৯৯১-৯২ সালে সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। ২০১৬ সালের অক্টোবরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার পর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে নতুন করে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

সবচেয়ে বড় ঢল নামে ২০১৭ সালের ২৫ আগস্টের পর। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার হামলার পর রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর ব্যাপক সামরিক অভিযানের মুখে কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। মানবিক বিপর্যয়ের কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার সীমান্ত খুলে দিয়ে তাদের আশ্রয় দেয়।

২০২৬ সালের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। তাদের বেশিরভাগের আশ্রয় কক্সবাজারের বিভিন্ন শিবিরে। নোয়াখালীর ভাসানচরেও কয়েক হাজার রোহিঙ্গা বসবাস করছেন। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতি, স্থানীয় নিরাপত্তা, পরিবেশ, বনভূমি ও সামাজিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে গত কয়েক বছরে একাধিক উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমারের পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। ফলে আইসিজের এই রায়কে নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রোহিঙ্গারা।

সমেয়র আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   আইসিজে  রায়  রোহিঙ্গা  রোহিঙ্গা গণহত্যা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: