গ্রাফিক : সময়ের আলো জমি ও স্থাবর সম্পত্তির দলিল নিবন্ধনে দীর্ঘদিনের প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে জমির দাম নির্ধারণ হবে প্রকৃত বাজারমূল্যের ভিত্তিতে। এ জন্য নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের নেতৃত্বাধীন কমিটির পরিবর্তে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে তিন স্তরের কমিটি গঠন করা হয়েছে। নতুন ব্যবস্থায় জমির অবস্থান, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, সাম্প্রতিক কেনাবেচা ও গণশুনানির তথ্য বিবেচনায় নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারের এ উদ্যোগে জমির প্রকৃত মূল্য প্রতিফলন, দলিলের মূল্য গোপন করার প্রবণতা কমানো এবং রাজস্ব আদায় বাড়ানোর সম্ভাবনা তৈরি হলেও মূল্য নির্ধারণের দায়িত্ব প্রশাসনের হাতে কেন্দ্রীভূত হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের আশঙ্কা, কারিগরি অভিজ্ঞতা ছাড়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হলে স্বার্থের সংঘাত ও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। তাদের মতে জমির বাজারমূল্য নির্ধারণের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হাতে দেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞদের সম্পৃক্ততা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা প্রয়োজন।
গত ১০ নভেম্বর নিবন্ধন অধিদফতরের জারি করা প্রজ্ঞাপনে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ সংশোধন করে এসব পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধিমালার নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। নতুন বিধিমালার সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বাজারমূল্য নির্ধারণের দায়িত্ব বণ্টনে। আগে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি এলাকার জেলা রেজিস্ট্রার, তার মনোনীত একজন সাব-রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারকে নিয়ে কমিটি গঠন করা হতো। নতুন ব্যবস্থায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি করা হয়েছে। সিটি করপোরেশন এলাকার জমির বাজারমূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি।
বিভাগীয় কমিশনার এ কমিটির সভাপতি এবং জেলা রেজিস্ট্রার সদস্য সচিব থাকবেন। পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি কাজ করবে। আর সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ডের বাইরের এলাকার জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন উপজেলা কমিটি। এতে উপজেলা সাব-রেজিস্ট্রার সদস্য সচিব থাকবেন। কমিটিগুলোতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর ও সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিদের যুক্ত করা হয়েছে। ফলে জমির মূল্য নির্ধারণে নিবন্ধন বিভাগের একক কর্তৃত্ব থাকছে না। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার তথ্য ও মতামত বিবেচনার সুযোগ তৈরি হচ্ছে।
তবে এ কাঠামো নিয়েই আপত্তি তুলেছেন নিবন্ধন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের বক্তব্য জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ একটি বিশেষায়িত ও কারিগরি কাজ। এ কাজে অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ভূমি, রাজস্ব ও বাজারসংক্রান্ত তথ্য বিশ্লেষণের সক্ষমতা প্রয়োজন। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মুন্সীগঞ্জের জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান সময়ের আলোকে বলেন, নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ ইতিবাচক।
তবে এর বাস্তবায়ন নিয়ে উদ্বেগ রয়েছে। জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে কমিটি করে বাজারমূল্য নির্ধারণ করা হলে দুর্নীতি, প্রভাব বিস্তার ও স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে। কমিটিতে জেলা প্রাথমিক শিক্ষা, মৎস্য ও কৃষি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। গণশুনানিতেও ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব কাজ করতে পারে। তাই জমির বাজারমূল্য নির্ধারণের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হাতে থাকলে ভালো হতো। এ বিষয়ে তাদের অভিজ্ঞতা ও কারিগরি সক্ষমতা রয়েছে।
তিনি বলেন, বাজারমূল্য নির্ধারণের কাজে সাব-রেজিস্ট্রারদের যুক্ত করা উচিত নয়। এনবিআরের কারিগরি বিশেষজ্ঞরা প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে মূল্য নির্ধারণ করবেন, আর সেই মূল্য অনুযায়ী দলিল নিবন্ধন করবেন সাব-রেজিস্ট্রাররা। তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তাদের আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। জমির বাজারমূল্য নির্ধারণ একটি নিবিড় ও কারিগরিনির্ভর কাজ। এ দায়িত্ব তারা কতটা দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই ব্যক্তিকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে কাজের জটিলতা বাড়তে পারে এবং মানও ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি বলেন, সম্পত্তির প্রকৃত বাজারমূল্যে দলিল নিবন্ধন নিশ্চিত করা গেলে সরকারের রাজস্ব বাড়বে এবং কালো টাকা গোপন করার সুযোগ কমবে।
নতুন বিধিমালা অনুযায়ী একই মৌজার সব জমির জন্য আর একক বাজারমূল্য নির্ধারণ করতে হবে না। জমির অবস্থান ও বৈশিষ্ট্য অনুযায়ী একাধিক ক্লাস্টার তৈরি করে পৃথক মূল্য নির্ধারণ করা যাবে। এতে একই মৌজার প্রধান সড়কসংলগ্ন জমি, ভেতরের সরু রাস্তার জমি কিংবা নিচু ও জলাবদ্ধ এলাকার জমির মূল্য আলাদাভাবে নির্ধারণের সুযোগ তৈরি হবে। আগে মৌজার শ্রেণিভিত্তিক গড়মূল্য নির্ধারণের কারণে এসব পার্থক্য যথাযথভাবে প্রতিফলিত না হওয়ার আশঙ্কা ছিল। নতুন নিয়মে জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা, সরকারি সম্পত্তির নির্ধারিত মূল্য, বিভিন্ন সরকারি সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য, স্থানীয় বাজারদর এবং সাম্প্রতিক কেনাবেচার তথ্য বিবেচনা করতে হবে। পাশাপাশি গণশুনানি ও অন্যান্য যৌক্তিক প্রক্রিয়ায় পাওয়া নির্ভরযোগ্য তথ্য-উপাত্তও মূল্য নির্ধারণে ব্যবহার করতে হবে।
এতে স্থানীয় ক্রেতা-বিক্রেতা ও জমির বাজার সম্পর্কে অবগত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহের সুযোগ থাকছে। কোনো একটি উৎসের ওপর নির্ভর না করে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে মূল্য নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। আগের বিধিমালায় জমির নির্ধারিত বাজারমূল্য দুই বছর কার্যকর থাকার বিধান ছিল। সংশোধিত বিধিমালায় তা বাড়িয়ে তিন বছর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী মূল্যতালিকার মেয়াদ যে পঞ্জিকা বছরে শেষ হবে, সেই বছরের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে প্রতিটি মৌজার শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করে তালিকা তৈরি করতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকার একটি কপি মহাপরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে।
কমিটির প্রস্তাব পাওয়ার ১৫ দিনের মধ্যে মহাপরিদর্শক তা বিবেচনা করে চূড়ান্ত করবেন। চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠানোর পাশাপাশি নির্ধারিত কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তবে তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো এলাকার বাজারমূল্য যৌক্তিক কারণে পুনর্নির্ধারণের প্রয়োজন হলে নিবন্ধন মহাপরিদর্শকের পূর্বানুমতি নিয়ে সংশ্লিষ্ট কমিটি তা করতে পারবে।
২০১০ সালের ২১ এপ্রিল প্রথম সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা জারি করা হয়। পরে ২০১২ ও ২০১৫ সালে তা সংশোধন করা হয়। আগের ব্যবস্থায় সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি এলাকার নির্দিষ্ট সময়ের নিবন্ধিত সাব-কবলা দলিলের মূল্য বিবেচনায় নিয়ে মৌজাভিত্তিক গড়মূল্যের তালিকা তৈরি করা হতো। কিন্তু দলিলে প্রদর্শিত মূল্য এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে প্রকৃত লেনদেন হওয়া অর্থ সবসময় এক না হওয়ায় ওই পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছিল। কোনো মৌজায় দীর্ঘদিন জমি কেনাবেচা না হলে আগের মূল্য বহাল রাখার কারণে বাজারদরের পরিবর্তনও যথাযথভাবে প্রতিফলিত হতো না।
সংশ্লিষ্টদের মতে, কোনো কোনো ক্ষেত্রে জমির নির্ধারিত মূল্য ও প্রকৃত বাজারদরের ব্যবধানের কারণে নিবন্ধন ব্যয় নিয়েও জটিলতা তৈরি হতো। নতুন বিধিমালায় একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ, গণশুনানি এবং একই মৌজায় ক্লাস্টারভিত্তিক মূল্য নির্ধারণের বিধান এসব সীমাবদ্ধতা কাটাতে সহায়ক হতে পারে।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ সময়ের আলোকে বলেন, সংশোধিত বিধিমালা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বার্তা চলছে। যেহেতু সরকার বিধিমালাটি সংশোধন করেছে তাই তারা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এটি কীভাবে কার্যকর হবে সে বিষয়ে দিকনির্দেশনা নেওয়া হবে।
নিবন্ধন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মো. আশরাফুজ্জামান বলেন, নতুন বিধিমালার অধীনে বাজারমূল্য নির্ধারণের কাজ শুরু হলে আগের পদ্ধতির সঙ্গে তুলনা করে এর কার্যকারিতা বোঝা যাবে। সরকার যেভাবে নির্দেশনা দেবে, তারা সেভাবেই কাজ করবেন।
সমেয়র আলো/প্রিন্ট/কেএইচও