রাখাইনে ফেরা হবে কবে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করে ঐতিহাসিক রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত

2026-11-21T00:22:56+00:00
2026-11-21T00:22:56+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
জাতীয়
রাখাইনে ফেরা হবে কবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:২২ এএম 
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ঘোষণার পরের দিন কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেন রোহিঙ্গারা। ছবি : সময়ের আলো
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করে ঐতিহাসিক রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া এই রায়ে আদালত বলেছেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে। রোহিঙ্গা গণহত্যার রায়ে সমর্থন জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার। পাশাপাশ তারা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পর্যবেক্ষণ ও নির্দেশনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথাও বলেছেন। এ ছাড়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির দাবি জানিয়েছে সরকারটি। এ জন্য রোহিঙ্গাদের নাগরিকত্ব, সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে এই রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিতে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। তবে আদালতের রায় ‘ন্যায়সংগত’ হয়নি বলে দাবি করেছে মিয়ানমার। তাদের এ দাবির মাধ্যমে এখন প্রশ্ন উঠেছে, আদালতের এই রায় বাস্তবে কতটা কার্যকর হবে এবং কবে নাগাদ রোহিঙ্গারা নিরাপদে নিজেদের মাতৃভূমিতে ফিরতে পারবেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হওয়াসহ আন্তর্জাতিক গণহত্যা সনদের একাধিক বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ও মিয়ানমারের ওপর বর্তেছে বলেও উল্লেখ করেছে আইসিজে।

২০১৯ সালে আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আইসিজেতে মামলা করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত মিয়ানমারকে গণহত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে দায়ী করেছে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, রোহিঙ্গাদের হত্যা, যৌন সহিংসতা, শারীরিক ও মানসিক নির্যাতন, গ্রাম ধ্বংস এবং তাদের জন্মহার নিয়ন্ত্রণের মতো কর্মকাণ্ড গণহত্যার উপাদান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

রোহিঙ্গাদের জন্য ঐতিহাসিক স্বীকৃতি : ফরাসি সংবাদমাধ্যম লে মঁদে এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, এই রায়ের গুরুত্ব শুধু রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। গণহত্যার উদ্দেশ্য কীভাবে নির্ধারণ করা হবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সংঘটিত অপরাধের দায় কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সে ক্ষেত্রেও রায়টি গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করেছে।

দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, ১৯৪৮ সালের গণহত্যা সনদের কার্যকারিতা ও রাষ্ট্রগুলোর দায়বদ্ধতার প্রশ্নে এই রায় নতুন গুরুত্ব তৈরি করেছে। বিশেষ করে কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য সরাসরি লিখিত নির্দেশ ছাড়াও পারিপার্শ্বিক পরিস্থিতি, ধারাবাহিক সহিংসতা ও রাষ্ট্রীয় আচরণের মধ্য দিয়ে কীভাবে প্রমাণ করা যায়, তা আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার বলেছেন, গণহত্যার একটি রায় রোহিঙ্গারা যে ক্ষতির শিকার হয়েছেন তা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। তবে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার ১০ লাখেরও বেশি মানুষের জন্য স্বল্পমেয়াদে এর প্রভাব সামান্যই হতে পারে। গাম্বিয়া চায়, আদালত মিয়ানমারকে এমন নির্দেশ দেবেন; যাতে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে তাদের ভূমিতে ফিরতে পারেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর ও সম্পত্তি পুনর্নির্মাণ করা হয়।

বেকার আলজাজিরাকে বলেছেন, আদালত এসব দাবি আংশিকভাবে বা সাধারণভাবে আরোপ এবং কীভাবে সেগুলো পালন করা হবে তা নির্ধারণের ভার মিয়ানমারের ওপর ছেড়ে দিতে পারেন।

যারা সন্দিহান যে সরকার সদিচ্ছার সঙ্গে এসব দাবি পূরণ করবে; তাদের কাছে এমন ফলাফল ‘নিশ্চিতভাবেই হতাশাজনক’ হবে বলে তিনি মন্তব্য করেন। বেকার বলেন, ‘আইসিজে সুদূরপ্রসারী প্রতিকারের নির্দেশ দিলেও মিয়ানমারের বাস্তব রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই সেই প্রতিকার বাস্তবায়নের অনুকূলে নয়।’

তিনি বলেন, এর পরিবর্তে এই রায়কে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করার কাজে ব্যবহার করতে হবে। যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক উইলিয়াম শাবাস বলেছেন, রোহিঙ্গাদের পক্ষ থেকে গাম্বিয়া যেসব ব্যবস্থা চাইছে তা ‘জোরালো’। যদিও সেগুলো নাগরিকত্বের দাবির পর্যায়ে পৌঁছায়নি; যা তাদের রাষ্ট্রহীনতার অবসান ঘটাতে পারত।

রায়ের পরও কি ফিরতে পারবেন রোহিঙ্গারা?
রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে, আইসিজের রায় রোহিঙ্গাদের জন্য বড় আইনি বিজয় হলেও নিকট ভবিষ্যতে তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার পথ সহজ হওয়ার সম্ভাবনা কম। কারণ ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে চলমান গৃহযুদ্ধ এবং রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নতুন সংঘাত প্রত্যাবাসনের পরিবেশকে আরও জটিল করে তুলেছে।

বিশেষ করে রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকা বর্তমানে বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে প্রত্যাবাসনের ক্ষেত্রে শুধু মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা নয়, রাখাইনের বাস্তব নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রয়টার্সের প্রতিবেদনে বিশ্লেষকদের উদ্ধৃত করে বলা হয়েছে, নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন বাস্তবসম্মত নয়। অতীতেও একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক সুযোগ, তবে চ্যালেঞ্জও রয়েছে রায়কে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হিসেবে তাদের নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দিচ্ছে। আইসিজের রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে ঢাকার কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে।

প্রতিবেদনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যও তুলে ধরা হয়েছে, যেখানে প্রত্যাবাসনকে সংকটের একমাত্র কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে বাংলাদেশের জন্য সংকটটি আরও জটিল হচ্ছে আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়ায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৬ সালে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় ৭১০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার মাত্র ৬৯ শতাংশ পাওয়া গেছে। ফলে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব বহন করা বাংলাদেশের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।

রায় বাস্তবায়নের ক্ষমতা কতটা?
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বিশ্লেষণে বলা হয়েছে, আইসিজের রায় আইনগতভাবে বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্ব কোনো পুলিশি বা সামরিক ব্যবস্থা নেই, যার মাধ্যমে সরাসরি রায় বাস্তবায়ন করা যায়। মিয়ানমার রায় না মানলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত হতে পারে। কিন্তু সেখানে চীন ও রাশিয়ার ভেটো ক্ষমতা থাকায় কার্যকর নিষেধাজ্ঞা বা কঠোর পদক্ষেপ নেওয়া কঠিন হতে পারে। 

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে। মিয়ানমার সরকারও রায়কে প্রত্যাখ্যান করে একে অন্যায্য বলে মন্তব্য করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বিচারকদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে মতভেদ ছিল।

আদালতের রায় ‘ন্যায়সংগত’ হয়নি—মিয়ানমার
২০১৭ সালে বিদ্রোহ দমনের নামে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে যে রায় দিয়েছে বিশ্ব আদালত (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস- আইসিজে), তা ‘ন্যায়সংগত নয়’ বলে মনে করে মিয়ানমার। গতকাল ১৯ নভেম্বর আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে চেয়ে রাজধানী নেইপিদোতে মিয়ানমারের প্রেসিডেন্টের দফতরে যোগাযোগ করেছিল এএফপি। দফতরের মুখপাত্র খাইং খাইং সোয়ে এ রায়কে ‘অন্যায্য’ উল্লেখ করে এএফপিকে বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও, রায়ের ফলাফলের দিকে তাকালে দেখা যায়—১৫ জন বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে।’ ‘সুতরাং এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না এবং আমি বলব, এটি ন্যায়সংগতও নয়।’

রোহিঙ্গাদের প্রত্যাশা : শুধু স্বীকৃতি নয়, অধিকার ও নিরাপদ প্রত্যাবাসন বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে রায় ঘোষণার পর রোহিঙ্গাদের মধ্যে স্বস্তি ও আবেগের প্রতিক্রিয়া দেখা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলা অনেক রোহিঙ্গা বলেছেন, এই রায় তাদের দীর্ঘদিনের নির্যাতন ও বঞ্চনার আন্তর্জাতিক স্বীকৃতি। তবে তারা শুধু গণহত্যার স্বীকৃতিতে সন্তুষ্ট নন। তাদের প্রত্যাশা, মিয়ানমারে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, নিজেদের জাতিগত পরিচয়ের স্বীকৃতি, নিরাপত্তা, মৌলিক অধিকার এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।

আইসিজে মিয়ানমারকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ, অপরাধীদের তদন্ত ও বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পরিবার পুনর্মিলনের বিষয়টিও রায়ের নির্দেশনায় রয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে। এ জন্য রায় ঘোষণার দুই বছরের মধ্যে মিয়ানমারকে আদালতে একটি প্রতিবেদন জমা দিতে হবে।

সব মিলিয়ে, আইসিজের এই রায় রোহিঙ্গা সংকটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হলেও এর বাস্তব প্রতিফলন নির্ভর করবে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সদিচ্ছা, মিয়ানমারের ওপর কার্যকর চাপ এবং রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর। রোহিঙ্গাদের জন্য তাই এটি ন্যায়বিচারের একটি ঐতিহাসিক সূচনা, কিন্তু নিজ দেশে মর্যাদা নিয়ে ফিরে যাওয়ার লড়াইয়ের শেষ নয়।

সমেয়র আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   রাখাইন  আইসিজে  মিয়ানমার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: