প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীতপ্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যেতে পারেন। সফরে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ সময় নবগঠিত মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত থাকবেন। সেখানে নামফলক উন্মোচনের মাধ্যমে নতুন উপজেলা, মডেল পৌরসভা ও থানার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করবেন।
প্রতিমন্ত্রী জানান, একই দিন মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধনী ফলকও উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা।
মীর শাহে আলম বলেন, নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/জেডি