প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম আপডেট: ২০.১১.২০২৬ ১০:২৩ পিএম
ছবি : জেটিবিসি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য রূপান্তর (জাস্ট ট্রানজিশন) পরিকল্পনা বাস্তবায়নে ১৮৫ কোটি ডলার অর্থায়ন ও কারিগরি সহায়তা চেয়েছেন সংশ্লিষ্ট বক্তারা। তারা এ পরিকল্পনা বাস্তবায়নে অনুদানভিত্তিক অর্থায়ন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সাইড ইভেন্টে এসব কথা বলেন বক্তারা। ‘এনডিসি ৩-এ ন্যায্য রূপান্তর: বাংলাদেশের অঙ্গীকার থেকে বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা আয়োজন করে জাস্ট ট্রানজিশন বাংলাদেশ সেন্টার (জেটিবিসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাজিদ সাদিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত জু দার বাবু। আলোচনা সঞ্চালনা করেন জেটিবিসির ট্রাস্টি ড. এস এম মোর্শেদ।
আলোচনায় বক্তারা জানান, বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০)-এ ন্যায্য রূপান্তর নিয়ে একটি পূর্ণাঙ্গ অধ্যায় রয়েছে। এতে ছয়টি খাতে ৬৯টি কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সামাজিক সংলাপ ও খাতভিত্তিক পরিকল্পনা তৈরির পাশাপাশি অগ্রগতি পর্যবেক্ষণ এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।
বক্তারা বলেন, কার্বননির্ভর অর্থনীতি থেকে রূপান্তরের সময় নির্মাণ, প্রচলিত পরিবহন ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকা সুরক্ষায় বিশেষ নজর দিতে হবে। এ পরিকল্পনার লক্ষ্য শোভন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য কমানো এবং ঝুঁকিতে থাকা মানুষের জীবিকা রক্ষা করা।
এ জন্য সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের পরিকল্পনা বাস্তবায়নে অর্থ বরাদ্দের আহ্বান জানান তারা। একই সঙ্গে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং সবুজ কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে প্রশিক্ষণের জন্য বরাদ্দ চান বক্তারা। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তারা। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলেন আলোচকেরা।
কপ৩১-এর আলোচনায় বাংলাদেশ ন্যায্য রূপান্তরের জন্য একটি আনুষ্ঠানিক বৈশ্বিক কাঠামোর প্রস্তাব করেছে। এ কাঠামোর মাধ্যমে দেশগুলো নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তা ও অনুদানভিত্তিক অর্থায়ন পাবে। তবে কাঠামোটি কীভাবে পরিচালিত হবে এবং অর্থের উৎস কী হবে, তা নিয়ে আলোচকদের মধ্যে এখনো মতভেদ রয়েছে।
আলোচনায় আরও বক্তব্য দেন ভারতের ট্রেড ইউনিয়ন নেতা আর ডি চন্দ্র শেখর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধৃতিরাজ কুমার সরকার এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান।
সময়ের আলো/টিকে