বৈশাখী টেলিভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন । ছবি : সংগৃহীতরাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনার মধ্যে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন পুলিশি হেফাজতে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলার আসামি।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এর আগে, শনিবার বিকেলে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন কর্মী আহত হন এবং সাংবাদিক ও কর্মীরা ভবনের ভেতরে আটকা পড়েন বলে অভিযোগ করা হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কার্যালয়ের ছাদে অবস্থানরত এক সাংবাদিক সরাসরি সম্প্রচার (লাইভ) করেন। সেখানে তিনি বলেন, একদল লোক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলাকারীদের কারণে তারা ভবন থেকে বের হতে পারছেন না।
লাইভে তিনি বলেন, তারা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করছেন। পুরো কার্যালয় অবরুদ্ধ হয়ে পড়েছে। তাদের একজন সহকর্মীকে মারধর করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন এবং লিফট বন্ধ করে রেখেছেন। এতে সাংবাদিক ও কর্মীরা ভেতরে আটকা পড়েছেন। এ সময় তাদের দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
লাইভে বৈশাখী টেলিভিশনের আরেক কর্মী বলেন, প্রতিষ্ঠানটির ডিএমডি টিপু আলম মিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। এরপরও হামলাকারীরা ভবনের নিচে অবস্থান করছিলেন এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন।
ওই কর্মী আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন। তবে হামলাকারীদের উপস্থিতির কারণে তারা ভবন থেকে বের হতে পারছেন না।
পরে, বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময়, পুলিশ সদস্যদের ভবনের নিচে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
লাইভে সাংবাদিকেরা আহত সহকর্মীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে না পারার কথাও জানান। নিরাপত্তার কারণে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করেননি তারা।
লাইভের শেষ দিকে এক সাংবাদিক আকুতি জানিয়ে বলেন, তাদের অবস্থা খুবই শোচনীয়। তাদের উদ্ধার এবং বৈশাখী টেলিভিশনকে রক্ষায় সহায়তা প্রয়োজন।
সময়ের আলো/এসকে