সংগৃহীত ছবিরাজধানীর গেণ্ডারিয়ায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী কওমি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মহাসম্মেলন শুরু হচ্ছে সোমবার (২৩ নভেম্বর)। রাজধানীর ধুপখোলা মাঠে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমদের হাত থেকে প্রায় ২০ হাজার হাফেজ ও আলেম পাগড়ি গ্রহণ করবেন। বুধবার (২৫ নভেম্বর) সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন পাকিস্তানের বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানী। তিনি শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের হাদিসের দরস দেবেন। সম্মেলনের প্রথম দিন বিকেলে এ পর্ব অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, মহাসম্মেলন সফল করতে প্রায় আট একর আয়তনের ধুপখোলা মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে মঞ্চ, প্যান্ডেল, অপেক্ষাকক্ষ, তথ্য যাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল, স্বেচ্ছাসেবক কাউন্টার, জরুরি নিবন্ধন ও মিডিয়া কাউন্টার। মাঠের প্রবেশপথসহ ভেতরের বিভিন্ন অংশও প্রস্তুত করা হয়েছে।
সম্মেলনে যোগ দিতে বিদেশি অতিথিরা ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান মাদরাসা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী, মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ফয়সাল নাদিম, মাওলানা সাইয়িদ আজহার মাদানী, পাকিস্তানের মাওলানা ইলিয়াস ঘুম্মান ও মাওলানা আওরঙ্গজেব ফারুকি।
এ ছাড়া সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ এবং জামিয়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেবেন।
প্রথম দিন বিকেল ৪টায় ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল।
প্রথম দিনের আলোচনায় অংশ নেবেন পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি এবং জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ। এ ছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে হাদিসের দরস দেবেন মুফতি তাকি উসমানী।
সম্মেলনের প্রথম দিন প্রায় তিন হাজার ফুজালার (শিক্ষা সমাপনকারী শিক্ষার্থী) দস্তারে ফজিলত বা পাগড়ি প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
সম্মেলন ঘিরে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আলেম, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফরিদাবাদে আসতে শুরু করেছেন। তাঁদের অধিকাংশই ঢাকায় পৌঁছেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।