আগুনে-ককটেলে উত্তপ্ত রাজধানী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির দিনে বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুর-১০ গোলচত্বরে

2026-11-29T00:01:45+00:00
2026-11-29T00:01:45+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয়
আগুনে-ককটেলে উত্তপ্ত রাজধানী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০১ এএম 
রাজধানীর মিরপুরে বাসে আগুন। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে বাসে আগুন। ছবি : সংগৃহীত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির দিনে বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুর-১০ গোলচত্বরে চলন্ত বাসে আগুন দেওয়ার পাশাপাশি কুর্মিটোলা, গাবতলী, প্রশিকার মোড়, মোহাম্মদপুর বেড়িবাঁধ, উত্তরা ও মগবাজারে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া মোহাম্মদপুরে বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নের (এসপিবিএন) একটি অকেজো গাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির অধিকাংশ পুড়ে যায়।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, রাত ৭টা ৩৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।  

মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, চলন্ত বাসটিতে যাত্রীবেশে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

বাসে আগুন দেওয়ার কিছু সময় পর রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উত্তরা নর্থ টাওয়ারের সামনে এবং মগবাজারের আগোরা সুপারশপের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনে পাকা সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে জানান, দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ছাড়া মিরপুরের প্রশিকার মোড়, মোহাম্মদপুর বেড়িবাঁধ ও গাবতলী এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ভোরে এসপিবিএনের গাড়িতে আগুন

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়কে এসপিবিএনের একটি অকেজো গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসআরবি-২ সদর দফতরের পাশে এসপিবিএনের ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে। 


মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, ওয়ার্কশপের সামনে এসপিবিএনের দুটি অকেজো গাড়ি রাখা ছিল। দুর্বৃত্তরা এর একটি গাড়িতে আগুন দেয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ছাড়া সন্ধ্যার পর গাবতলী-সাভার সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাজধানীর বিভিন্ন স্থানে এসব অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আগুন  ককটেল  উত্তপ্ত  রাজধানী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: