প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম (ভিজিট : ২৭৬)
২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি
দীর্ঘ ৯ বছর পর ২ হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। গত জুলাই থেকে এমপিওভুক্তির এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ২৩ অক্টোবর গণভবনে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন স্কুল ও কলেজ রয়েছে ১ হাজার ৬৫১টি। এর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১০৮টি। মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণি স্তরের প্রতিষ্ঠান ৮৮৭টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৬৮টি, কলেজ (একাদশ ও দ্বাদশ শ্রেণি) ৯৩টি এবং ডিগ্রি কলেজ ৫৬টি। এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীন মাদ্রাসা রয়েছে ৫৫৭টি। এর মধ্যে দাখিল স্তরের মাদ্রাসা ৩৫৮টি, আলিম স্তরের ১২৮টি, ফাজিল স্তরের ৪২টি ও কামিল স্তরের ২৯টি মাদ্রাসা রয়েছে। পাশাপাশি নতুন এমপিওভুক্ত হয়েছে ৫২২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান ৬২টি, ভোকেশনাল (স্বতন্ত্র) ৪৮টি, সংযুক্ত ভোকেশনাল প্রতিষ্ঠান ১২৯টি, বিএম স্বতন্ত্র প্রতিষ্ঠান ১৭৫টি এবং বিএম সংযুক্ত প্রতিষ্ঠান ১০৮টি। এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা পেয়ে থাকেন। সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।
ডাকসুর নবযাত্রা
বহু প্রতীক্ষা আর আন্দোলনের পর ২৮ বছরের বন্ধ্যাত্ব ঘুচিয়ে নতুন করে যাত্রা শুরু করে ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর। ১১ মার্চ ডাকসু নির্বাচনে নির্বাচিত হন সহসভাপতি (ভিপি) মো. নুরুল হক, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানী, সহসাধারণ সম্পাদক (এজিএস) মো. সাদ্দাম হোসেন। দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসুতে এবার নিয়ে নির্বাচন হয় মোট ৩৭টি।
নতুন দুই বেসরকারি বিশ^বিদ্যালয়
এ বছর সরকার দুটি বেসরকারি বিশ^বিদ্যালয় অনুমোদন দেয়। এ নিয়ে দেশে বেসরকারি বিশ^বিদ্যালয়ের সংখ্যা ১০৪টি। একটি হচ্ছে ইউনিভার্সিটি অব ব্রাক্ষ্মণবাড়িয়া এবং নারায়ণগঞ্জে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি।
৪৬তম পাবলিক বিশ^বিদ্যালয়
৬ মে এয়ার মার্শাল এইচএম ফজলুল হককে উপাচার্য নিয়োগ দেওয়ার মাধ্যমে দেশের ৪৬তম পাবলিক বিশ^বিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ^বিদ্যালয়’ কার্যক্রম শুরু হয়েছে। লালমনিরহাটে অবস্থিত দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের পরিত্যক্ত বিমানবন্দরেই হচ্ছে দেশের প্রথম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে বিশ^বিদ্যালয়টিতে সাতটি অনুষদ, ৩৭টি বিভাগ, চারটি ইনস্টিটিউট করা হতে পারে।
চবিতে প্রথম নারী ভিসি শিরীণ আখতার
চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. শিরীন আখতার এবার উপাচার্য হলেন। অর্ধশতক পেরিয়ে আসা এই পাবলিক বিশ^বিদ্যালয়টিতে তিনিই প্রথম নারী উপাচার্য।
শিরীন আখতার কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি, চট্টগ্রাম সরকারি গার্লস কলেজ থেকে ১৯৭৫ সালে এইচএসসি এবং ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮১ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। এ ছাড়া ভারতের যাদবপুর বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন। শিরীন আখতার ১৯৯৬ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ২০০৬ সালে অধ্যাপক হন তিনি। ষ শিক্ষার আলো ডেস্ক