মানুষের প্রতি মানুষের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তা হলে আল্লাহও তাদেরকে ভালোবাসেন। হাদিসে বর্ণিত রয়েছে, ‘এক ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাক্ষাতের জন্য ঘর থেকে রওনা হলো। পথিমধ্যে আল্লাহ এক ফেরেশতাকে মানুষের বেশে পাঠালেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? সে উত্তর দিল, এ গ্রামে আমার এক ভাই থাকেন। তাকে দেখতে যাচ্ছি। ফেরেশতা জিজ্ঞেস করলেন, তোমার প্রতি কি তার কোনো অনুগ্রহ রয়েছে, যার বিনিময় দেওয়ার জন্য যাচ্ছ? সে বলল, না। আমি যাচ্ছি এ জন্য যে, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। ফেরেশতা বললেন, তা হলে শোন, আমি তোমার কাছে আল্লাহর দূত হিসেবে এসেছি এ কথা জানানোর জন্য যে, আল্লাহ তোমাকে ভালোবাসেন; যেমন তুমি তাকে আল্লাহর জন্য ভালোবাস!’ (মুসলিম : ২৫৬৭)
মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজনের ভালোবাসা মানুষের স্বভাবজাত বিষয়। এক্ষেত্রেও যদি দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তন আনা যায়; অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নবীজির সুন্নত পালন উদ্দেশ্য হয়, তবে এইভালোবাসাতেও আল্লাহর পক্ষ থেকে লাভ হবে অফুরন্ত পুরস্কার। কেউ স্ত্রীকে ভালোবাসে রিপুর তাড়নায়। কেউবা ভালোবাসে আল্লাহর সন্তুষ্টি কামনায়। দৃশ্যত উভয়ের ভালোবাসা এক হলেও প্রতিদানের বিচারে দুজনের ভালোবাসার মধ্যে রয়েছে আকাশ-পাতাল ব্যবধান। ভালোবাসার কারণেই মা গর্ভে সন্তান ধারণ করেন। বাবা কঠোর পরিশ্রম করে সন্তানকে গড়ে তোলার চেষ্টা করেন। ভালোবাসার কারণেই বনের হিংস্র প্রাণীগুলোও স্বজাতিদের নিয়ে একসঙ্গে বসবাস করে। তাই ভালোবাসা একটি পবিত্র জিনিস। এটি আল্লাহ তায়ালার বিশেষ দান এবং তাঁর রহমত লাভের উপায়। হাদিস শরিফে বর্ণিত আছে- হজরত আবু হুরায়রা (রা.) বলেন, নবী করীম (সা.) তাঁর নাতি হাসানকে চুমু খেলেন। সেখানে আকরা ইবনে হাবিস নামে এক সাহাবি বসা ছিলেন। হাসানকে চুমু খাওয়া দেখে তিনি বললেন, আমার দশটি সন্তান রয়েছে। আমি তাদের কাউকে চুমু খাইনি। নবীজি (সা.) তার দিকে তাকিয়ে বললেন, ‘যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হবে না।’ (বুখারি : হাদিস ৫৬৫১)
ইসলামে বিপরীত লিঙ্গের বৈধ ভালোবাসা হলো স্বামী-স্ত্রীর ভালোবাসা। স্বামী-স্ত্রীর ভালোবাসা হচ্ছে পবিত্র ও কাক্সিক্ষত। ইসলাম এ ভালোবাসার প্রতি খুবই গুরুত্ব দিয়েছে। রাসুল (সা.) তাঁর স্ত্রীদের ভালোবাসতেন। তাঁদের প্রতি দয়া প্রদর্শন করতেন। তাঁদের মন জয় করার চেষ্টা করতেন। তাঁদের নিয়ে আনন্দ-ফুর্তি করতেন। হাদিস শরিফে আছে, রাসুল (সা.) হজরত আয়েশা (রা.)-এর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছেন। আয়েশাকে নিয়ে তিনি আবিসিনীয়দের খেলা দেখিয়েছেন। তিনি বলেছেন, ‘সে ব্যক্তি পূর্ণ মুমিন, যার চরিত্র সুন্দর, তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম।’ (রিয়াদুস সালিহিন : ১/১৯৭)। বিয়ের আসল উদ্দেশ্য হলো, সুখ-শান্তি, ভালোবাসা ও দয়া। হাদিস শরিফে বর্ণিত আছে- রাসুল (সা.) ইরশাদ করেন, ‘যদি কোনো স্বামী স্ত্রীর দিকে দয়া ও ভালোবাসার দৃষ্টিতে তাকায় তা হলে আল্লাহ তায়ালা তার দিকে দয়া ও রহমতের দৃষ্টি নিয়ে তাকান।’ এ হাদিস দ্বারা বোঝা যায়, স্ত্রীর প্রতি ভালোবাসা, তাদের প্রতি রহম করা ইসলামী শরিয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক স্ত্রীই তার স্বামীর কাছে ভালোবাসা চায়। স্বামীদের উচিত, স্ত্রীদের ভালোবাসা ও তাদের প্রতি দয়া প্রদর্শন করা।
ইসলামে অবৈধ ও হারাম ভালোবাসার জন্য যেমন দুনিয়া-আখেরাতে শাস্তি ও গ্লানি রয়েছে, তেমনি বৈধ ভালোবাসার জন্য দুনিয়া-আখেরাতে সুখ-শান্তি ও সওয়াব রয়েছে। হাদিস শরিফে বর্ণিত আছে, হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত- ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যারা আল্লাহর সন্তুষ্টির আশায় পরস্পরকে ভালোবাসে, আমার রেজামন্দির আশায় পরস্পর বৈঠকে মিলিত হয়, আমার সন্তুষ্টি কামনায় পরস্পর দেখা-সাক্ষাৎ করে এবং আমার ভালোবাসার জন্যই নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়।’ (মুসনাদে আহমদ : ২২০৮৩)। আল্লাহর জন্য ভালোবাসা ঈমানের পূর্ণতার লক্ষণ। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য দান করল কিংবা আল্লাহর জন্য দান করা থেকে বিরত রইল এবং আল্লাহর জন্য কারও সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করল কিংবা আল্লাহর জন্য কারও সঙ্গে বিদ্বেষ পোষণ করল এবং আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করল, তবে তার ঈমান পূর্ণতা লাভ করল।’ (তিরমিজি : ২৫২১)
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন- ‘আল্লাহ তায়ালার বান্দাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যারা নবীও নন, আর শহীদও নন। কিন্তু বিচার দিবসে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদরা তাদের ওপর ঈর্ষা করবেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল! তারা কারা? উত্তরে তিনি বললেন, তারা হচ্ছে সেসব লোক, যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে। তাদের মধ্যে নেই কোনো রক্তের সম্পর্ক, নেই কোনো বংশের সম্পর্ক। তাদের মুখমণ্ডল হবে জ্যোতির্ময় এবং তারা নূরের মিম্বরের ওপর অবস্থান করবে। কেয়ামতের বিভীষিকাময় অবস্থায় মানুষ যখন ভীতসন্ত্রস্ত থাকবে, তখন তারা ভীত হবে না। আর মানুষ যখন দুঃখে থাকবে, তখন তাদের কোনো দুঃখ থাকবে না। (তিরমিজি : হাদিস ২৩৯০)।
হজরত আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত- তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, এমন তিনটি বস্তু রয়েছে, যে ব্যক্তির মধ্যে সেগুলো বিদ্যমান থাকবে, কেবল সে-ই এগুলোর কারণে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। তা হলো- ১. যার কাছে আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসা সব কিছু হতে অধিক পরিমাণে রয়েছে। ২. যে ব্যক্তি কোনো বান্দাকে শুধু আল্লাহ তায়ালার উদ্দেশে ভালোবাসে এবং ৩. যে ব্যক্তিকে আল্লাহ তায়ালা কুফর হতে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে অনুরূপভাবে অপছন্দ করে, যেমন অপছন্দ করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে। (বুখারি : হাদিস ১৬)