ফরিদগঞ্জে প্রথম ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ চাষ

এসএম ইকবাল, ফরিদগঞ্জ (চাঁদপুর)

সারাদেশ

পোল্ট্রি এবং মৎস্য খামারে বিকল্প খাদ্য হিসেবে নতুন সংযোজন হয়েছে ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’। এটি এক ধরনের পোকা। এই পোকার প্রথম

2022-02-19T18:02:02+00:00
2022-02-19T18:02:02+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
ফরিদগঞ্জে প্রথম ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ চাষ
মাছ ও হাঁস-মুরগির সুপার ফিড
এসএম ইকবাল, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ: শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০২ পিএম   (ভিজিট : ১১০২)
পোল্ট্রি এবং মৎস্য খামারে বিকল্প খাদ্য হিসেবে নতুন সংযোজন হয়েছে ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’। এটি এক ধরনের পোকা। এই পোকার প্রথম চাষ আফ্রিকাতে হলেও বাংলাদেশে এখন এগুলো বেশ জনপ্রিয় হচ্ছে। এই কালো মাছির লার্ভাকে মাছ ও হাঁস-মুরগির সুপার ফিড বলা হয়ে থাকে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় সর্বপ্রথম এই পোকার চাষ শুরু করেছেন প্রবাস ফেরত শফিকুর রহমান।

ফরিদগঞ্জ উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ গাব্দেরগাঁও গ্রামে এ খামার গড়ে তুলেছেন শফিকুর রহমান। ২০২১ সালের ১৫ ডিসেম্বর মাত্র দুই কেজি লার্ভা দিয়ে খামারের কার্যক্রম শুরু করেন তিনি। লার্ভা থেকে পিউপা হয়ে সেগুলো এখন মাছিতে রূপান্তর হয়ে এখন ডিম দিচ্ছে। দুই কেজি লার্ভার দাম ছিল ৬ হাজার টাকা। ৩০ বছর প্রবাস জীবন কাটিয়ে মৎস্য চাষ এবং ব্ল্যাক সোলজার ফ্লাইতে স্বপ্ন দেখছেন তিনি।

‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ থেকে প্যারোট পোকা উৎপাদনে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে জানিয়ে এর উদ্যোক্তা শফিকুর রহমান বলেন, ব্ল্যাক সোলজার ফ্লাই থেকে প্যারোট পোকা উৎপাদন আমেরিকার সংস্কৃতি। বাংলাদেশে এক ইঞ্জিনিয়ার প্রথম এ পোকার চাষ শুরু করেন। আমি কুমিল্লা থেকে এই পোকার বীজ আনি। স্বল্পপরিসরে উৎপাদন শুরু করলেও দিন দিন এর পরিধি বাড়ছে। তিনি বলেন, পোকা চাষে একদিকে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হবে, অন্যদিকে হাঁস-মুরগি ও মাছের খাদ্যের চাহিদা পূরণ হবে। এখান থেকে প্রস্তুত হবে বিপুল পরিমাণে উৎকৃষ্টমানের জৈব সার।

শফিকুর রহমান জানান, ময়লা-আবর্জনা, তরকারির অবশিষ্টাংশ, মুরগির বিষ্ঠা ও খৈলের সংমিশ্রণে দুর্গন্ধযুক্ত খাদ্যে তৈরি হয় ব্ল্যাক সোলজার ফ্লাই। প্রত্যেক ফ্লাই ৯০০ থেকে ১ হাজার পিউপা দিয়ে মারা যায়। এসব পিউপা একটি পাত্রে নিয়ে দুর্গন্ধযুক্ত খাবারে রাখা হয়। ১৪-১৬ দিনের মধ্যে এসব পিউপা থেকে জন্ম নেয় প্যারোট পোকা। ব্ল্যাক সোলজার ফ্লাই থেকে প্যারোট পোকা উৎপন্ন করতে দরকার মশারি নেট, কয়েকটি পাতিল ও কয়েকটি কাঠের টুকরো। একজন খামারি বড় পরিসরে এই পোকা চাষ করলে প্রতিদিন ১০০ থেকে ৫০০ কেজি পর্যন্ত পোকা উৎপন্ন করতে পারবেন।

ফরিদগঞ্জ প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, বর্তমানে উপজেলায় লেয়ার মুরগির খামার রয়েছে ২১টি, ব্রয়লার খামার ১৮৪টি, সোনালি কক খামার ৫৪টি, হাঁসের খামার ৫৫টি। মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সরকারি পুকুর রয়েছে ৪৫টি, বেসরকারি পুকুর ১০ হাজার ৪৭০টি, প্লাবন ভূমি ২৫টি, বরোপিট ২৯টি, বাণিজ্যিক মৎস্য খামার ১৬টি। এ ছাড়াও এখানে ধান ক্ষেতেও মাছ চাষ হচ্ছে। সব মিলিয়ে এখানে বাৎসরিক মৎস্য উৎপাদন হয়েছে (২০২০) ৬ হাজার ৯১৭ দশমিক ৯৫ মেট্রিক টন। এ বিপুল পরিমাণ মাছের খাদ্যের জোগান দিতে মৎস্য চাষিদের অধিক মূল্যে ফিডের ওপর নির্ভর থাকতে হয়।

প্রাণিজ আমিষের উৎস ‘ব্ল্যাক সোলজার 
ফ্লাই’-এর বহুমুখি উপকারিতার কারণে খামারিরা একে ‘বাদামি সোনা’ বা ‘ব্রাউন গোল্ড’ বলেন। বিশ^ব্যাপী দ্রুত অর্থনৈতিকভাবে জায়গা করে নেওয়া ওই মাছি ও লার্ভা নিয়ে দারুণ সম্ভাবনা দেখছেন খামারিরা। বাজারের ফিডে ৩০ শতাংশ প্রোটিনের কথা থাকলেও বাস্তবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে অনেকেরই। এ খাদ্যে চামড়ার বর্জ্য ব্যবহারের বিতর্কও রয়েছে। কিন্তু ব্ল্যাক সোলজার ফ্লাইয়ে ৪৩ থেকে ৫৫ ভাগ আমিষ থাকে। 

শফিকুর রহমানের খামারটি সহসাই পরিদর্শনের কথা জানিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রহমান বলেন, বিষয়টি ইতিবাচক হলে খামারিদের পাশে থাকব।

/জেডও/


  বিষয়:   ব্ল্যাক সোলজার ফ্লাই 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: