সাভারে ২৪ ঘণ্টায় এক নারীর গলাকাটা মরদেহ ও চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত উদ্ধারকৃত ৫ মরদেহের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।
পুলিশ বলছে, সোমবার রাতে দুর্বৃত্তরা এক নারীকে গলাকেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অন্য চারজন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
মঙ্গলবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার ভাড়া বাসা থেকে বিউটি আক্তার (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে সাভার ট্যানারি ফাঁড়ি পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত বিউটি আক্তার সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চড়পানাগাড়ি গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম। অন্যদিকে সোমবার রাতে আরও দুই নারী ও দুই পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, সোমবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ২২ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। একইভাবে ইউনিয়নের ভরারী এলাকায় আরেকটি বাড়ি থেকে ২৫ বছরের আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত ২৫ বছরের এক যুবক ও বিরুলিয়া ইউনিয়নের বাগ্নিবাড়ি এলাকা থেকে ২৩ বছরের এক যুবকের মরদেহ ঘরের আড়া থেকে উদ্ধার করা হয়েছে।