আসন্ন অর্থবছরের জন্য ঘোষিত বাজেটকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এ বাজেটকে উন্নয়ন ও কল্যাণমুখী বলে দাবি করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
গতকাল তাৎক্ষণিক এক বাজেট প্রতিক্রিয়ায় এফবিসিসিআইয়ের বোর্ডরুমে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় এফবিসিসিআই সভাপতি জানান, ব্যক্তিগতভাবে তিনি কালো টাকা সাদা করা পছন্দ করেন না, কারণ এতে সৎভাবে যারা ব্যবসা করছেন তারা ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হবেন। তারা নিরুৎসাহিত হবেন বলেও তিনি মনে করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার, তিনি (প্রধানমন্ত্রী) সাধারণ মানুষের উপকারের জন্যও অনেক প্যাকেজ এনেছেন।
/আরএ